অস্ট্রেলিয়ার স্লেজিং মোকাবেলায় তৈরি নিউ জিল্যান্ড
বিশ্বকাপের আয়োজক দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ম্যাচটি নিয়ে কথার লড়াই আরও আগেই শুরু হয়ে গেছে। মাঠেও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাদের ম্যাচ পরিকল্পনার অংশ হিসেবে ‘স্লেজিং’ করবে বলে মনে করেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডরসন।
ম্যাচ থেকে প্রতিপক্ষকে সরিয়ে ফেলতে আক্রমণাত্মক বিদ্রুপ করার বিষয়টি অস্ট্রেলিয়ার জন্য নতুন নয়। এর জন্য অনেক আগে থেকেই ক্রিকেট বিশ্বে সমালোচিত তারা।
পুল ‘এ’ তে শীর্ষে থেকে কোন দল প্রথম পর্ব শেষ করবে তা অনেকটাই নির্ভর করবে আগামী শনিবার নিউ জিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কের এই ম্যাচে। তাই অস্ট্রেলিয়ার স্লেজিং অস্ত্র নিয়ে সতীর্থদের আগে থেকেই সতর্ক করে দিলেন অ্যান্ডারসন।
অকল্যান্ডে মঙ্গলবার সাংবাদিকদের অ্যান্ডারসন বলেন “স্লেজিং কৌশলটা এখন ভালোভাবেই জানা। এটাতে আমরা নিজেদের জড়িত করিনি। মাঠে আমরা শান্ত এবং আমরা যা করি সেটাতেই অটল থাকি।”
গ্রুপ পর্বে নিউ জিল্যান্ড তাদের প্রথম তিনটি ম্যাচই জিতেছে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জেতার পর বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় অস্ট্রেলিয়াকে। সেদিক থেকে নিউ জিল্যান্ড একটু এগিয়েই আছে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিততে মরিয়া হয়ে থাকা অস্ট্রেলিয়া তাদের ‘স্লেজিং’ করার নীতিতে অটল থাকবে বলেই মনে করেন অ্যান্ডারসন।
“তাদের কাছ থেকে কিছুটা উত্তাপ আশা করছি। তবে আমি মনে করি, এটা তাদের ম্যাচ পরিকল্পনার অংশ এবং বিষয়টি সামনে আসলে আমরা মোকাবেলা করব।”
১৯৯২ বিশ্বকাপে অকল্যান্ডের এই মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল সেবারের সহ-আয়োজক নিউ জিল্যান্ড। তবে এই দুই দেশ ২০১১ বিশ্বকাপের পর ওয়ানডেতে আর মুখোমুখি হয়নি। ভারতে ২০১১ বিশ্বকাপের সেই ম্যাচে নিউ জিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটিকে ক্যারিয়ারের অন্যতম বড় ম্যাচ হিসেবে দেখছেন নিউ জিল্যান্ডের অনেকেই। কোরি অ্যান্ডারসন যেন সবার মনের কথাটাই বলে দিলেন।
“নিশ্চিতভাবে এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এবং অন্য অনেকের জন্যও এটা একই।”
এই ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়াকে হারানোর জন্য প্রত্যয়ী অ্যান্ডারসন।
“এটা অস্ট্রেলিয়া, আপনি সবসময়ই অস্ট্রেলিয়াকে হারাতে চাইবেন।”
