রাজশাহীর ওপর রংপুরের বোলারদের দাপট
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৬৩ রানে অলআউট হয়েছে রাজশাহী।
জবাবে বিনা উইকেটে ২৫ রান করে প্রথম দিন শেষ করেছে রংপুর বিভাগ। ব্যাট করছেন লিটন কুমার (২১) ও তারিক আহমেদ (৪)। ২৩৮ রানে পিছিয়ে আছে দলটি।
সোমবার সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১১০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজশাহী।
পরে তারেক খান ও মুক্তার আলী ১৩৩ রানের জুটি গড়ে ধাক্কা কাটিয়ে বড় ইনিংসের সম্ভাবনা জাগায়। কিন্তু দ্রুত শেষ ৫ উইকেট হারানোয় সেটা আর সম্ভব হয়নি। ১ রানে শেষ ৩ উইকেট হারায় তারা।
১০১ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় সর্বোচ্চ ৮৫ রান করেন মুক্তার। তারেক করেন ৫৭ রান।
রংপুরের পক্ষে ৩টি করে উইকেট নেন সঞ্জিত সাহা ও তানভির হায়দার।
