বিশ্বকাপে সাফল্যের পুনরাবৃত্তি চান শফিউল
হঠাৎ করেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে ভীষণ খুশি শফিউল ইসলাম। কোন প্রক্রিয়ায়, কিভাবে দলে এলেন তা নিয়ে ভাবছেনই না এই পেসার। জানিয়েছেন, দলকে সেরাটা দিতে উন্মুখ হয়ে আছেন।
গতবার মাশরাফি বিন মুর্তজার চোটের কারণে বিশ্বকাপ দলে ছিলেন শফিউল। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭ রানের জয়ে দারুণ অবদান রাখেন তিনি; ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট।
ইংল্যান্ডের বিপক্ষে শফিউল আবার ত্রাতা, এবার ছিলেন ব্যাটসম্যানের ভূমিকায়। ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৯ রানে ৮ উইকেটের পতনের পর মাঠে আসেন তিনি। অবিচ্ছিন্ন নবম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন তিনি।
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে সোমবার রাত নয়টায় মেলবোর্নের উদ্দেশে দেশ ছাড়বেন শফিউল। তার আগে জানান, গতবারের সাফল্যের পুনরাবৃত্তি চান তিনি।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ খেলতে বিকেএসপিতে ছিলেন শফিউল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খানের ফোন বিশ্বকাপ দলে ডাক পাওয়ার ব্যাপারটি প্রথম শোনেন তিনি।
দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে দল থেকে বাদ পড়েন আল-আমিন হোসেন। তার জায়গায় শফিউলকে বাংলাদেশ দলে নেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে আইসিসির টেকনিক্যাল কমিটি। তাই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন শফিউল।
কোন প্রক্রিয়ায়, কিভাবে দলে এলেন তা নিয়ে এখন ভাবতে নারাজ জানিয়ে শফিউল বলেন, “(বিশ্বকাপের চূড়ান্ত দলে) সুযোগ না পেয়ে কিছুটা হতাশ হয়েছিলাম। চেষ্টা থাকবে নিজের সেরাটা দেয়ার।”
শফিউলের সবচেয়ে বড় অস্ত্র তার সুইং। নতুন বলে ‘ব্রেক থ্রু’ এনে দেয়ার সামর্থ্যও এই পেসারের রয়েছে। নিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চমকে দিতে চান ৫২ ওয়ানডে খেলা শফিউল।
২০১১ সালের বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ উইকেট নেন এই পেসার।
বিবিসি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলের বিধি-নিষেধ ভাঙার জন্য আল-আমিন হোসেনকে দল থেকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
