সিলেটের বোলিংয়ে কোণঠাসা ঢাকা মেট্রো
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম পর্বের ম্যাচের প্রথম দিনে সিলেট বিভাগের বোলারদের বিপক্ষে সুবিধা করে উঠতে পারেনি ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। প্রথম দিনেই আট উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে তারা।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার প্রথম দিন শেষে ২২৯ রান তুলতেই আট উইকেট হারায় ঢাকা মেট্রো।
ইলিয়াস সানি ৯ ও শহীদ ৪ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
প্রথম ওভারেই সৈকত আলিকে রোমান আহমেদের ক্যাচে পরিণত করে সিলেট বিভাগকে ব্রেক থ্রু এনে দেন আবুল হাসান। এরপর একটু-আধটু প্রতিরোধ গড়লেও বড় কোনো জুটি গড়তে পারেনি ঢাকা মেট্রো।
সিলেটের সাদিকুর আহমেদ ও আবু জায়েদ তিনটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন আবুল ও নাবিল সামাদ।
বোলারদের দাপটের দিনে ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। ১৪৫ বলে আটটি চারে ৬৭ রান তোলেন তিনি।
