২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচটি না খেললেও মরচে ধরেনি অস্ট্রেলিয়ার

বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ভেসে গেলেও অস্ট্রেলিয়ার খেলায় কোনো মরচে পড়েনি বলে বিশ্বাস দলটির উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেটা অস্ট্রেলিয়া দেখাবে বলে জানান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 05:28 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

আকল্যান্ডের ইডেন পার্কে আগামী শনিবার মুখোমুখি হবে এবারের বিশ্বকাপের দুই স্বাগতিক নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের মাঠে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে দলের প্রস্তুতির কমতি নেই বলে জানান ফিঞ্চ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শতকের ইনিংস উপহার দেয়া অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো ম্যাচ খেলেছি এবং আমাদের আসলে কোনো সমস্যা নেই।”

বাংলাদেশে বিপক্ষে গত শনিবারের বৃষ্টিতে ভেসে ম্যাচের প্রসঙ্গ টেনে নিজেদের তৃতীয় ম্যাচের প্রস্তুতি সম্পর্কে জানান ফিঞ্চ।

“এ সপ্তাহে আমরা ভালো অনুশীলন করেছি এবং শনিবারের অনুশীলনে নিখুঁত সেশন পার করেছি, যখন আমাদের মাঠে খেলার কথা ছিল।”

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিধ্বংসী বোলিং করে একাই সাত উইকেট নেন নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদি। এছাড়াও ব্রেন্ডন ম্যাককালামের দলের বোলিং লাইনআপে আছে ট্রেন্ট বোল্ট, ড্যানিয়েল ভেটরির মতো বোলার। প্রতিপক্ষের বোলিং লাইনআপকে তাই সমীহ করে ভালো করতে আশাবাদী ফিঞ্চ।

“টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং আরো যারা আছে, তাদের নিয়ে ইনিংসের শুরুর বোলিং চমৎকার। তবে আমি ও ডেভি (ডেভিড) ওয়ার্নার খেলতে যাচ্ছি এবং আমরা তাদেরকে অকার্যকর করতে পারি।”

ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করে অস্ট্রেলিয়া। তবে বৃষ্টির কারণে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের।

অন্যদিকে নিউ জিল্যান্ড এ পর্যন্ত খেলা তিন ম্যাচের সবগুলোই জিতেছে। ৯৮ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের একাদশ আসর শুরু করা কিউইরা পরের দুই ম্যাচে স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায়।

তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তালিকায় শীর্ষে আছে ম্যাককালামের দল। এমন উড়তে থাকা প্রতিপক্ষের বিপক্ষে ভালো ফল পেতে হলে তাদের পেসারদের বিপক্ষে ঠিকঠাক সামলাতে হবে বলেও জানান ফিঞ্চ।