রান আর জয়ে উচ্ছ্বসিত মর্গ্যান
অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে দুই রকম আনন্দ পাচ্ছেন ওয়েন মর্গ্যান। তার দল ইংল্যান্ড বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয় পেয়েছে। মরগ্যান নিজেও ৪৬ রানের ইনিংস খেলে দুঃসময় কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সোমবার স্কটল্যান্ডকে ১১৯ রানে হারায় ইংল্যান্ড। আগে ব্যাটিং করে ৩০৩ রান তোলার পর স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানের জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত মর্গ্যান।
“আজকের পারফরম্যান্সে আমরা উচ্ছ্বসিত। আজ আমরা নিজেদের সেরাটা খেলিনি, তবে নিজেদেরকে একটু প্রকাশ করেছি”
মইল আলি ও ইয়ান বেল-দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরুতে ইংল্যান্ডকে ১৭২ রানের শক্ত ভিত এনে দেন। বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ রান। ১২৮ রানের মূল্যবান ইনিংসে খেলা মইন ও ৫৪ রান করা বেল অধিনায়কের প্রশংসা পেয়েছেন।
ইংল্যান্ডের বড় স্কোরে অবদান রাখেন অধিনায়ক মর্গ্যানও। মিডল অর্ডারে নেমে ৪২ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলায় সন্তুষ্ট তিনি, “ব্যাটে রান পাওয়াটাও দারুণ।”
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের আটকে রাখতে পারেননি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডরা। তবে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ করেছেন তারা। তাই অধিনায়কের প্রশংসা পেলেন পেসাররা।
“আমি মনে করি, বোলাররা খুব ভালো করেছে।”
