২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু গেইলে আস্থা হোল্ডারের

বিশ্বকাপে এখনো ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিস গেইল। তবে দলের এই মারকুটে ব্যাটসম্যানের ওপর আস্থা হারাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ম্যাচেই গেইল জ্বলে উঠবেন বলে আশাবাদী তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 01:32 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

ক্যানবেরার ম্যানুকা ওভালে আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ক্যারিবীয়রা। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ৩৬ ও ৪ রানের ইনিংস খেলা গেইল এ ম্যাচে নিজের সেরাটা দেবেন বলে আশা হোল্ডারের।

“আমি নিশ্চিত ক্রিস (গেইল) ওই দুটি ম্যাচ পেছনে ফেলবে এবং এ ম্যাচের দিকে এগিয়ে যাবে। সে জেগে আছে এবং এ ব্যাপারে আমি আশ্বস্ত করতে পারি, সে জেগে আছে। এই আসরের শুরু থেকেই সে জেগে আছে।”

আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এ আসর শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৫০ রানে উড়িয়ে বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন দলটি ঘুরে দাঁড়ায়। হোল্ডার এখন পাকিস্তানের বিপক্ষের সাফল্যে টেনে নিয়ে যেতে চান।

“অবশ্যই প্রথম ম্যাচে হারের পর, এমন ছোট আসরে অন্যদের ধরা কঠিন। পাকিস্তানের বিপক্ষে জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। এই ধারাবাহিকতা শুধু ধরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং যত দূর সম্ভব যেতে চাই।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২ রানের লড়াকু হার দিয়ে বিশ্বকাপের একাদশ আসর শুরু করে জিম্বাবুয়ে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে এল্টন চিগুম্বুরার দল। প্রতিপক্ষকে তাই সমীহ করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

“খুব ভালো একটা ম্যাচ আশা করি আমি। আমি মনে করি না, এ আসরের কোনো ম্যাচ সহজ হবে। আমি তাদের কাছ থেকে খুবই ভালো লড়াই প্রত্যাশা করি কিন্তু আমার প্রত্যাশা আমার খেলোয়াড়রা পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং সেরাটা নিয়ে বেরিয়ে আসবে।”