আফগানিস্তানের প্রশংসা ম্যাচ সেরা মাহেলার
ম্যাচ জেতানো এক শতক খেলে শ্রীলঙ্কাকে স্বস্তির জয় এনে দেয়ার পর প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ হলেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার এই মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করেন, ক্রিকেটের বড় দলগুলোর বোলারদের সঙ্গে আফগানিস্তানের বোলারদের ব্যবধানটা খুব বেশি নয়।
ডানেডিনে রোববার আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার পাওয়া ৪ উইকেটের জয়ে ১০০ রানের মূল্যবান ইনিংস খেলেন মাহেলা। আট চার ও এক ছক্কায় সাজানো ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পান মিডল অর্ডারের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তবে জিতলেও আফগানিস্তানকে প্রাপ্য প্রশংসা দিতে কার্পণ্য করেননি তিনি।
“পুরো কৃতিত্ব আফগানিস্তানের। আমি মনে করি, কঠিন কন্ডিশনে তারা আসলেই ভালো ব্যাটিং করেছে এবং এরপর বোলিংয়েও সেটা অনুসরণ করেছে। তবে শেষ পর্যন্ত তাদের বিপক্ষে জয় পাওয়ার স্বস্তি অনুভব করছি।”
আগে ব্যাটিং করে ২৩২ রান তুললেও একটা দল হয়ে খেলেছে আফগানিস্তান। দলটির আট ব্যাটসম্যান দুই অঙ্কের রান তোলেন। দৌলত জাদরান ও শাপুর জাদরান বল হাতে শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দলকে দারুণ শুরু এনে দেন। বিশ্বকাপের নবাগত দলটির বোলারদের এমন পারফরম্যান্স মাহেলার নজর এড়ায়নি।
“তাদের (বোলারদের) গতি আছে, সামর্থ্য আছে। বড় দলগুলোর সঙ্গে তাদের ব্যবধানটা খুব বেশি নয়।”
মাহেলার শতক ছাড়াও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন। শেষ দিকে ২৬ বলে অপরাজিত ৪৭ রানের ঝড় তুলে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে পৌঁছে দেন থিসারা পেরেরা। মাহেলা তাই আলাদা করে পেরেরার প্রশংসা করলেন।
“উইকেট একটু কঠিন দেখাচ্ছিল। কিন্তু যখন আমি ম্যাথিউসের সঙ্গে যোগ দিলাম, তখন টিকে থেকে ম্যাচটা শেষ করে দেয়া গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে করি, থিসারা আমাদের জন্য শেষটা করার জন্য আসলেই ভালো খেলেছে।
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে মাহেলারা। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে তাদের। আফগানিস্তানের বিপক্ষে স্বস্তির জয় পাওয়ার পর ওয়ানডেতে ১৯তম শতক তুলে নেয়া মাহেলা এখন পরের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হওয়ার কথা জানান।
