শোয়েবের চোখে ‘ভীরু ও স্বার্থপর’ মিসবাহ
পাকিস্তানের বর্তমান অধিনায়ক মিসবাহ-উল হকের কড়া সমালোচনা করেছেন শোয়েব আখতার। মিসবাহর মতো ভীরু ও স্বার্থপর অধিনায়ক আর দেখেননি বলে জানান পাকিস্তানের এই সাবেক পেসার।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে এবারের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথটা কঠিন করে তুলেছে মিসবাহর দল। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এ আসরে উত্তরসূরিদের এমন দশা দেখে জিও নিউজ টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি শোয়েব।
“মিসবাহর চেয়ে ভীরু ও স্বার্থপর অধিনায়ক আমি আর দেখিনি। যখন দলকে তার অনুপ্রাণিত করা দরকার তখন অন্য খেলোয়াড়দের রক্ষা করার জন্য সে আগে ব্যাটিংয়ে নামতে চায়নি।”
অধিনায়কের পাশাপাশি দলের কোচ ওয়াকার ইউনুসেরও সমালোচনা করেন শোয়েব।
“সে (মিসবাহ) নিজের রান নিয়ে খুশি এবং আমি জানি না, কোচ ওয়াকার ইউনুস কি চান। তার কোনো ম্যাচ পরিকল্পনা বা দলের জন্য কোনো নির্দেশনা নেই।”
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭৬ রানে হেরে বিশ্বকাপের একাদশ আসর শুরু করে পাকিস্তান। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে যায় দলটি।
দুটি ম্যাচেই অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হন মিসবাহ। ব্যাট হাতে ভারতের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৭ রান করেন তিনি।
