২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাবায় উড়ল না লাল-সবুজ পতাকা

হার-জিত তো থাকবেই। বাংলাদেশ হয়ত হারত, অথবা জিতত; ফল যেটাই হতো, গ্যাবার সবুজে দেশের খেলা তো দেখা যেত। গ্যালারিতে লাল-সবুজের পতাকা তো উড়ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলুল বারী, অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 07:30 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

পুরনো খবর:

পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্যাবায় শনিবারের এই ম্যাচটিকে ঘিরে অনেক আশা ছিল অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের। বিদেশের মাটিতে দেশের ছেলেদের খেলা দেখার অনেক আয়োজন সাজিয়ে রেখেছিল তারা।

ম্যাচের টিকেট তারা আগেই কেটে রেখেছিল। প্রিয় দলের জার্সি কেনার কাজটাও করে রেখেছিল, বানিয়ে রেখেছিল দেশের লাল-সবুজ পতাকা।

কিন্তু হায়! প্রবাসী বাংলাদেশিদের সব আশা আর আয়োজনে জল ঢেলে দিল সাইক্লোন ম্যার্সিয়া। কুইন্সল্যান্ডের উপকূলে আঘাত হানা এই সাইক্লোনের প্রভাবে হওয়া বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হয়ে যায়।

অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিসবেনে জড়ো হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। ম্যাচটি না হওয়াতে অনেকে হতাশা নিয়েই ফিরে গেছেন।

নানান ব্যস্ততার মধ্যেই প্রবাসীরা একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ শনিবার আর রোববার দিন দুটি উদযাপন করে। এই শনিবার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুধু খেলা দেখার জন্যই এই দিনটির নানা অনুষ্ঠান মালা পিছিয়ে রোববার নিয়ে যায় ব্রিসবেনের প্রবাসী বাংলাদেশিরা।

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শাহেদ সদরুদ্দিন পরিবার-পরিজন নিয়ে ব্রিসবেন আছেন অনেক বছর। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে খেলা দেখার অনেক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি। পুরো শনিবার দিনটিই যেন তার ব্রিসবেনের আকাশের দিকে তাকিয়ে কেটেছে।

"আজ কতবার যে আকাশ দেখেছি, আকাশের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করেছি শেষ পর্যন্ত খেলা হবে কিনা! বারবার করে চোখ বুলিয়েছি আবহাওয়ার রিপোর্টে।"

প্রকৃতি সদয় হয়নি, পরিষ্কার হয়নি ব্রিসবেনের আকাশও। শাহেদদের শুধুই হতাশা নিয়ে ফিরতে হয়েছে।

"আমাদের স্বপ্ন ভেঙ্গে গেছে, সব প্রস্তুতি দুমড়ে-মুচড়ে দিয়েছে সাইক্লোন; যা ভুলতে অনেক দিন লাগবে।"

শাহেদ এখন অ্যাডিলেইডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দেখতে যাওয়ার কথা ভাবছেন। হতদ্যম আর নড়বড়ে ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দেবে বলেই মনে করেন তিনি।

ব্রিসবেন প্রবাসী ফারুক রেজা সম্প্রতি দেশে গিয়েছিলেন। বাংলাদেশে জরুরি কিছু কাজ ছিল তার। ম্যাচটি দেখার জন্যই সব কাজ ফেলে শুক্রবার ব্রিসবেন ফিরে আসেন। ম্যাচটি না হওয়ায় হতাশ তিনি।

"খেলাটি না হওয়ায় কত কষ্ট পেয়েছি তা বলে বোঝাতে পারব না।"

ডা. শুভ মেলবোর্নে থাকেন। খেলা দেখার জন্য বড় আয়োজন করে পরিবার  ও পারিবারিক বন্ধুদের একটি দল নিয়ে ব্রিসবেন আসেন তিনি। কিন্তু গ্যাবা থেকে এক বুক কষ্ট নিয়েই ফিরতে হয়েছে তাকে।

প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ব্রিসবেনে সিডনি বা মেলবোর্নের মতো অত বেশি নয়, সব মিলে পাঁচ-ছয় হাজার হবে। ব্রিসবেনের বাইরে থেকে আসা বাংলাদেশিদের সঙ্গে মিলে স্টেডিয়াম মাতিয়ে রাখার আয়োজন করেছিল তারা।

গোল্ডকোষ্ট, সানসাইন কোস্টসহ আরও নানা এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের আসার কথা ছিল। সেন্ট্রাল কুইন্সল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস রকহেমটনে। ওই এলাকাগুলোতে শিক্ষক-ডাক্তারসহ অনেক বাংলাদেশি থাকেন সেখানে। গ্যাবায় খেলা দেখতে আসার জন্য তারা দুটি বাস ভাড়া করেছিল। কিন্তু সাইক্লোন আঘাত করে তাদের এলাকাতেই। দুর্যোগ পরিস্থিতির কারণে গ্যাবা-যাত্রা বাতিল করতে বাধ্য হয় তারা।

ক্রিকেট-পাগল বাংলাদেশি প্রকৌশলী মাসুদ থাকেন যুক্তরাষ্ট্রে। গ্যাবার মতো একটি ভেন্যুতে বাংলাদেশ খেলবে, এর অংশ হতে সেই মার্কিন মুলুক থেকে ছুটে এসেছিলেন মাসুদ। ম্যাচটি না হওয়ায় হতাশ তিনি। এখন অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে মেলবোর্নে বাংলাদেশের ম্যাচটি দেখতে যাওয়ার পরিকল্পনা তিনি।

সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশ থেকেও এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। গ্যাবার গ্যালারিতে লাল-সবুজের পতাকা ওড়াতে না পারার কষ্ট নিয়ে ফেরেন তারা।