অধিনায়কের ভাবনায় এখন শুধু শ্রীলঙ্কা
এক সঙ্গে সব প্রতিপক্ষকে নিয়ে ভেবে নিজেদের চাপে ফেলতে চান না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশে অধিনায়কের ভাবনা জুড়ে এখন কেবল তৃতীয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
আগামী বৃহস্পতিবার মেলবোর্নে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “আমাদের এখন পরের ম্যাচের দিকে তাকাতে হবে। প্রতিটি ম্যাচ নিয়ে আমরা আলাদাভাবে পরিকল্পনা করছি। এখন আমরা শুধু শ্রীলঙ্কাকে নিয়ে ভাবছি।”
প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট তিন। কোয়ার্টার-ফাইনালে খেলার লক্ষ্য পূরণ করতে এখনো অন্তত দুটি জয় চাই বাংলাদেশের। অধিনায়ক বলেন, “কাজটা এখনো কঠিন। কিভাবে সফল হব তা নিয়ে এখন চিন্তা করতে হবে।”
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক।
“জেতার জন্য শতভাগ চেষ্টা করব। ভালো খেললে জিততে পারবো এই আত্মবিশ্বাস আছে আমাদের। আধাআধি কোনো ব্যাপার নেই, আমরা শতভাগ আত্মবিশ্বাসী।”
অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানের হারের পর নিউ জিল্যান্ডের সঙ্গে ৮ উইকেটে হারে ইংল্যান্ড। আগামী ৯ মার্চ অ্যডিলেইডে এই দলটির মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচে বাজে ভাবে হারলেও ইংল্যান্ডকে সমীহই করেন মাশরাফি।
“ইংল্যান্ড আমাদের সঙ্গে চাপে থাকবে বলতে পারছি না। ওদের মুখোমুখি হতে আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। নিজেদের সেরাটা খেললে সুযোগ থাকবেই।”
শ্রীলঙ্কার পর স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তাই সহযোগী দেশটিকে নিয়ে এখনই ভাবতে রাজি নন মাশরাফি।
“আমরা কোনো দলকে লক্ষ্য করিনি। প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার কাছে হেরে যাব, আফগানিস্তানের সঙ্গে জিতে যাব; এমন মনোভাব নিয়ে খেলছি না। আমরা লড়াই করতে এসেছি, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে এসেছি।”
বাংলাদেশ অধিনায়ক জানান, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারেন। সেরা খেলাটা খেলতে পারলে সুযোগ তাদের আসবেই।
