‘ক্ষতি’ পুষিয়ে নেওয়ার আনন্দ হোল্ডারের
আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরুতেই ধাক্কা খাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে জয়ে আনন্দে ভাসছেন জ্যাসন হোল্ডার। ম্যাচ শেষে মিসবাহদের বিপক্ষে সতীর্থদের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শনিবার দাপুটে ব্যাটিংয়ে ৩১০ রান তোলার পর পাকিস্তানকে ১৬০ রানে আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৫০ রানের জয়ের পর ক্যারিবীয় অধিনায়ক নিজ দলের ব্যাটসম্যান ও বোলারদের প্রশংসায় ভাসান।
“চমৎকার পারফরম্যান্স, ছেলেরা আসলেই ভালো ব্যাটিং করেছে। রাসেল, স্যামি, সিমন্স এবং রামদিন শেষ দিকে দলের হাল ধরেছে। জেরোম টেইলর দুর্দান্ত বোলিং করেছে এবং আমি তাকে সাহায্য করেছি।”
আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ শুরু করে ক্যারিবিয়রা। প্রথম ম্যাচে হারের ক্ষতি পুষিয়ে নেয়ার কথাও বলেন হোল্ডার।
“আমরা প্রথম ম্যাচে হেরেছিলাম এবং আমাদের দরকার ছিল ক্ষতি পুষিয়ে নেওয়ার; আমরা আসলেই খুশি যে আমরা তা করতে পেরেছি।”
টসে হেরেও আগে ব্যাটিংয়ের সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় তারা। পঞ্চম ওভারের শেষ বলে ৪ রান তুলে ক্রিস গেইল বিদায় নেয়ার পর ডোয়াইন স্মিথকে বিদায় করে দেন সোহেল খান। শুরুর এই ধাক্কা সামলে নিতে পারায় সতীর্থদের প্রশংসাও করেন হোল্ডার।
