২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাবায় খেলার সুযোগ হাতছাড়ায় মাশরাফির হতাশা

প্রায় চার বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ এসেছিল, ছিল গ্যাবায় খেলার বিরল সুযোগ; কিন্তু সব ভেসে গেল বৃষ্টিতে। 'ফেভারিট' অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেও তাই ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 04:03 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

২০১১ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ওয়ানডে খেলে বাংলাদেশ। শনিবার তাদের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মাশরাফি বিন মুর্তজার দলের।

সাইক্লোন মার্সিয়ার প্রভাবে গত বৃহস্পতিবার থেকে হওয়া টানা বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এক পয়েন্ট করে পায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।

ম্যাচ পণ্ড হওয়ার পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “এটা খুব হতাশাজনক। গ্যাবায় আমরা বেশি খেলার সুযোগ পাই না। পরের ম্যাচগুলোর জন্য অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। তা না হওয়ায় আমরা হতাশ।”

আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বাংলাদেশ শেষ চার ম্যাচে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হারানোর কিছু ছিল না জানিয়ে মাশরাফি বলেন, “জানি না, খেললে কি হত। এখানে খেলতে পারলে আমাদের জন্য নতুন অভিজ্ঞতা হত। আমাদের ভালো ক্রিকেট খেলার ইচ্ছে ছিল।”

বাংলাদেশকে পেস বোলিংয়ে উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল বিশ্বকাপের ফেভারিট অস্ট্রেলিয়ার। প্রতিযোগিতার সহ-আয়োজকদের শক্তিশালী পেস আক্রমণের মোকাবেলা করতে পারলে ব্যাটসম্যানরা উপকৃত হত বলে মনে করেন মাশরাফি।

“এখানে পেসারদের খেলতে পারলে, আমাদের ব্যাটসম্যানরা অনেক আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচগুলোতে খেলতে পারতো। ওদের আক্রমণাত্মক ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে পারলে আমাদের পরের ম্যাচগুলোর জন্য ভালো হত।”