প্রেরণা হয়ে দলের সঙ্গে মুশফিকের বাবা
দুই ভাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশের খেলা দেখতে অস্ট্রেলিয়ায় আছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ। অস্ট্রেলিয়া থেকে নিউ জিল্যান্ড, এক ভেন্যু থেকে আরেক ভেন্যু; দল যেখানে যাবে, যাবেন তারাও। দলকে প্রেরণা দিতেই পথের কষ্ট ভুলে দূরদেশে ঘুরে বেড়াচ্ছেন তারা।
ক্যানবেরার জয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত মাহবুব শুধু মুশফিকেই নয়, দলের সবাইকেই নিজের ছেলে মনে করেন। গ্যালারিতে বসে খেলা দেখে কারও ব্যাটিং বা বোলিংয়ে সমস্যা দেখলে পরে নিজে থেকে গিয়ে অভিভাবকের মতো সেটা জানান বলে দাবি করেন তিনি।
ক্যানবেরায় 'ছেলেদের' খেলা যেমন মুগ্ধ করেছে মাহবুবকে, তেমনি তিনি খুশি হয়েছেন দলকে সমর্থন করতে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশিদের মাঠে আসা দেখে। উচ্ছ্বাস চেপে রাখতে না পেরে তিনি বলেন, "বিদেশের মাটিতে একসঙ্গে এত বাঙ্গালি! আমার মনে হচ্ছিল, যেন ফতুল্লায় বসে খেলা দেখছি, এ ঘটনা জীবনে ভুলব না।"
মাহবুব যেমন সবাইকে ছেলের মতো জানেন, তাকেও খেলোয়াড়রা সবাই খুব শ্রদ্ধা করেন। এই কারণে নিজের পরামর্শগুলো খুব সহজেই সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা আর তামিম ইকবালদের কাছে পৌঁছে দিতে পারেন তিনি।
"আমি হোটেলে গিয়ে ছেলেদের বলেছি খামোখা ঝুঁকি নিয়ে চার-ছয় মারার দরকার নেই। উইকেটে টিকে থেকে যতটা বেশি সম্ভব সিঙ্গেলস নিতে হবে। ক্যানবেরার সাকিব-মুশফিক দুজনেই খুব স্বাভাবিক খেলা খেলেছে। শারীরিক ক্ষমতার পঞ্চাশ ভাগও কাজে লাগায়নি।"
ছেলে ওয়ানডের নেতৃত্ব হারিয়েছে বলে কোনো অভিযোগ বা আক্ষেপ নেই মাহবুবের। দল ভালো খেলছে, এতেই তিনি খুশি। এক ছেলের হাত থেকে নেতৃত্ব আরেক ছেলে পেয়েছেন বলে মনে করেন মাহবুব। আর মাশরাফির নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলেই বিশ্বাস তার।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেস বোলাররা খুব ভালো করেছে বলে মনে করেন মাহবুব। নারী নির্যাতনের মামলা মাথায় নিয়ে বিশ্বকাপে খেলা পেসার রুবেল হোসেনেরও প্রশংসা করেন তিনি।
"তার সঙ্গে আমার হোটেলে কথা হয়েছে। সে এসব নিয়ে এখন ভাবে না। দেশের জন্যে সর্বোচ্চ কিছু করা ছাড়া ভিন্ন কিছু তার ভাবনায় নেই।"
আফগানিস্তানের বিপক্ষে পেসাররা ভালো করেছে, অন্য ম্যাচে স্পিনাররা ভালো করবে; এটাই প্রত্যাশা মাহবুবের।
এতসব আনন্দের মাঝেও একটি আক্ষেপ আছে মাহবুবের-মুশফিকুর রহিমের মা মাঠে বসে খেলা দেখতে পারছেন না। বাংলাদেশে খেলা হলে মুশফিকের খেলা দেখতে স্ত্রীকে মাঠে নিয়ে যান মাহবুব। আর এখন 'বড় বউমার' মোবাইলে ছেলের সব খবর দেন। ছেলের ভালো করার খবর শুনে সূদূর বাংলাদেশে বসেই মুশফিকের মা আনন্দে আত্মহারা হন বলে জানান তিনি।
সবার দোয়া নিয়ে মুশফিক-মাশরাফিরা এগিয়ে যাবেন, এটাই মাহবুবের আশা ও বিশ্বাস। খেলোয়াড়রা স্বাভাবিক খেলা খেলতে পারলে এটা মোটেই অসম্ভব নয় বলে মনে করেন তিনি।
