সবচেয়ে বাজে শুরুর বিশ্ব রেকর্ড পাকিস্তানের
ওয়ানডেতে ব্যাট করতে নেমে সবচেয়ে বাজে শুরুর লজ্জার রেকর্ড এখন পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১ রানে চার উইকেট হারিয়ে কানাডাকে পেছনে ফেলে তারা।
শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দিক হারায় পাকিস্তান। প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই আউট হন শূন্য রানে।
পাকিস্তানের প্রথম তিনটি উইকেটই নেন জেরোম টেইলর। তার সুইং সামলাতে হিমশিম খাচ্ছিলেন পাকিস্তানের ব্যাটসম্যানরা।
প্রথম ওভারেই নাসির জামশেদ ও ইউনুস খানকে বিদায় করেন টেইলর। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই তুলে মারতে গিয়ে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দেন জামশেদ। আর দারুণ এক আউটসুইঙ্গারে উইকেটরক্ষক দিনেশ রামদিনের গ্লাভসবন্দি হন অভিজ্ঞ ইউনুস খান।
টেইলরের পরের ওভারে বিদায় নেন হারিস সোহেল। বদলি ফিল্ডার জোনাথন কার্টারের হাতে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।
চতুর্থ ওভারে ১ রান করা আহমেদ শেহজাদকে ফেরান জ্যাসন হোল্ডার। গালিতে সিমন্সের ক্যাচে পরিণত হন এই উদ্বোধনী ব্যাটসম্যান। তার বিদায়ে পাকিস্তানের স্কোর পরিণত হয় ১/৪-এ।
ওয়ানডেতে এর আগে বাজে শুরু ছিল কানাডার। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চার রান তুলতে ৪ উইকেট হারিয়েছিল তারা।
