২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলোঅনে পড়ে হারের শঙ্কায় ঢাকা

সিলেট বিভাগের বিশাল লক্ষ্যের জবাবে ফলোঅনে পড়া ঢাকা বিভাগ হার এড়াতে লড়ছে। তৃতীয় দিন শেষে এখনও ২১৫ রানে পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 05:38 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসে সিলেটের ৫০০ রানের জবাবে বুধবার ২ উইকেটে ৫৩ রান নিয়ে খেলতে নামে ঢাকা। কিন্তু দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

শেষ পর্যন্ত ২০২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে আবারও ব্যাট করতে নামে ঢাকা। শিরোপাধারীদের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ। আর ৫০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শরিফ।

অল্প রানে ঢাকাকে গুটিয়ে দিতে সিলেটের দুই বোলার আবু জায়েদ ও এনামুল হক ৩টি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ভালো অবস্থানে নেই ঢাকা বিভাগ। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৩ রান করেছে তারা। ৭ রান করে অপরাজিত আছেন নাসিরুদ্দিন ফারুকী।