২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচেই ক্লার্ককে চান সতীর্থরা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লার্ককে ফেরানোর বিষয়ে পুরো অস্ট্রেলিয়া দলেরই 'পূর্ণ সমর্থন' আছে বলে জানিয়েছেন পেসার মিচেল জনসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 03:23 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

ব্রিসবেনে আগামী শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার আশা করছেন হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিট হয়ে ওঠা অস্ট্রেলিয়ার অধিনায়ক।

অস্ট্রেলিয়ার নির্বাচকরা ক্লার্ককে দলে রাখলেও ফিট হয়ে মাঠে ফেরার সময়সীমা বেধে দিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিরতে না পারলে বিশ্বকাপেই তাকে আর রাখা হবে না বলে জানিয়ে দেয়া হয়েছিল।

ক্লার্ক ফিরলে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার 'সাময়িক' অধিনায়ক জর্জ বেইলির দল থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ম্যাচে ৫৫ রান করার সঙ্গে দলকে ভালোই নেতৃত্ব দেন বেইলি।

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জনসন বুধবার ব্রিসবেনে সাংবাদিকদের বলেন, ক্লার্ককেই দলে চান তিনি।

"ক্লার্ক যে নেতৃত্ব নিয়ে এসেছে, আমি সেটা পছন্দ করি। তার অভিজ্ঞতা অনেক এবং জর্জেরও তাই। কিন্তু মাইকেল ক্লার্ক অনেক বছর ধরেই অধিনায়ক। আমি জানি, তার প্রতি দলের পুরো সমর্থন আছে।"

গত বছরের ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করানোর পর দুটি ম্যাচ খেলেন ক্লার্ক। একটি খেলেন বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে। আরেকটি ম্যাচ খেলেন তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, সেটি ছিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।

আমিরাতের বিপক্ষে ৬১ বলে ৮টি চারের সাহায্যে ৬৪ রান করে ফেরেন ক্লার্ক। ওই ম্যাচে ২ ওভার বলও করেন তিনি। আমিরাতের ইনিংসের পুরোটা সময় মাঠেও ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে অ্যারন ফিঞ্চ বলেছিলেন, ক্লার্ককে দেখে তার মনে হয়েছে তিনি ফিটই আছেন। তবে কোচ ড্যারেন লেম্যান বলেছিলেন, নিজেকে ফিট প্রমাণের জন্য ক্লার্কের আরও পরীক্ষা দেওয়ার আছে।

ক্লার্কের পুরো ফিট হয়ে ওঠা নিয়ে অনেক কথাই হয়েছে এতদিনে। অনেকেই মনে করেন, এটা অস্ট্রেলিয়া দলে ক্ষতিকর প্রভাবও ফেলতে পারে। তবে জনসন মনে করেন, এতে অস্ট্রেলিয়া দলের মনোযোগে কোনো বিচ্যুতি ঘটেনি।

"আমি জানি, সে ফেরার জন্য তৈরি। কিন্তু খেলার দিক থেকে আমি জানি না, পরিকল্পনাটা কী। তার যা করা প্রয়োজন, সে তাই করছে। আমাদের জন্য কোনো বিচ্যুতি ঘটাচ্ছে না।"