২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউইদের ‘বিপজ্জনক’ মেনেই আত্মবিশ্বাসী স্কটল্যান্ড

প্রতিপক্ষ নিউ জিল্যান্ডকে ‘বিপজ্জনক’ মানলেও অজেয় মনে করছেন না স্কটল্যান্ড অধিনায়ক প্রেস্টন মমসেন। বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে দলের ওপর আস্থা থাকার কথাও জানান এই ডানহাতি ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 09:33 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

ডানেডিনে মঙ্গলবার বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ড। স্বাগতিক দলের ব্যাটসম্যানদের আটকে রাখতে বোলারদের এগিয়ে আসতে হবে বলে মনে করেন স্কটল্যান্ড অধিনায়ক।

“নিউ জিল্যান্ডের ১ থেকে ১১ পর্যন্ত ব্যাটিং লাইনআপের সবাই বিপজ্জনক কিন্তু একই সঙ্গে তারা সবাই মানুষ। তারা এখনও বল ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ আউট হতে পারে। আমাদের নির্দিষ্ট জায়গায় বল দিতে হবে এবং নিশ্চিত করতে হবে, আমরা তাদের যেন আটকে রাখতে পারি।”

বিশ্বকাপের আগে খেলা দুই প্রস্তুতি ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতাও নিউ জিল্যান্ডের বিপক্ষে কাজে লাগবে বলে মনে করেন মমসেন। দুই প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় তারা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ লড়াই করে তিন রানে হারে তারা।

মমসেন জানান, তার দলে আছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যান ম্যাট মাচান; ক্যালাম ম্যাকলিয়ড ও কাইল কোয়েটজারের মতো খেলোয়াড়। এদের মধ্যে কোয়েটজার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। অধিনায়কের আশা, মাচান, ম্যাকলিয়ড ও কোয়েটজার পরের পর্বে নিজেদের মেলে ধরার জন্য মুখিয়ে আছেন।

গত বছর বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল স্কটল্যান্ড। পরের ম্যাচগুলোয় সাফল্য তুলে নিয়ে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিশ্বকাপে খেলার টিকেট পায় দলটি।

মমসেন মনে করেন, বাছাই পর্ব থেকে তারা বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করেছেন। বাছাই পর্বের আত্মবিশ্বাস ও ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষের প্রস্তুতি ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলে জানান তিনি।