২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রান উৎসব' চান ম্যাককালাম

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে এ পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচে আগে ব্যাটিং করা দল তিনশ’ বা তিনশ’র বেশি রান তুলেছে। নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম আশা করছেন, আসরের বাকিটা সময়েও এ রান উৎসব চলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে ৩৩১ রান তোলে স্বাগতিক নিউ জিল্যান্ড। ম্যাককালামের দল ডানেডিনে মঙ্গলবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। স্কটিশদের বিপক্ষেও রানের ফোয়ারা ফুটবে বলে শনিবার সাংবাদিকদের জানান কিউই অধিনায়ক।

“এরই মধ্যে আমরা দেখেছি, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড-দুই দেশের উইকেট নিখাদ। এটা ভালো বলেও শট খেলা ও বড় স্কোর গড়ার পক্ষে।”

এ আসরে পাঁচ ম্যাচের মধ্যে কেবল আয়ারল্যান্ডই তিনশ'র ওপরে রান তাড়া করে জিতেছে। তবে উইকেট ব্যাটিং উপযোগী হলেও ম্যাককালাম করেন, চারশ' রান তাড়া করে জেতা সম্ভব নয়।

ক্রাইস্টচার্চে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট হাতেও দারুণ অবদান রাখেন ম্যাককালাম। ১০ চার ও এক ছক্কায় ৬৫ রানের ইনিংস উপহার দেন তিনি। এবার নিজের মাঠ ডানডিনে ‘বিশেষ’ কিছু করার অপেক্ষায় এই ডান-হাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান।

“আমি ক্রাইস্টচার্চে থাকি। অবশ্যই সেখানে বিশেষ একটা জয় পেয়েছিলাম এবং এখন ডানেডিনে খেলব। এটাকেও আমি নিজের ঘর বিবেচনা করি। এখানে বিশেষ কিছু হতে যাচ্ছে।”