২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর অনুশীলনে আফগানিস্তান ম্যাচের প্রস্তুতি

আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক সব প্রস্তুতি ম্যাচে হারা বাংলাদেশ অনুশীলনে ঘাম ঝরাচ্ছে। কঠোর পরিশ্রমে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 06:22 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

অনুশীলনে বাংলাদেশ দল

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি অনানুষ্ঠানিক ম্যাচে হারে বাংলাদেশ। এরপর পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচেও হারে তারা।

বুধবার ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গত বছর দেশের মাটিতে এশিয়া কাপের ম্যাচে মোহাম্মদ নবির দলটির কাছে হেরেছিল তারা।

গত বছরের ১ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। আড়াই মাস ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তারা। তবে নিবিড় অনুশীলনে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না তারা।

চোট কাটিয়ে ফেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল নেটে শুধু অফস্পিনে খেলে আর ‘নক’ করে ব্যাটিং অনুশীলন সারেন।

তবে বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরা পেস ও স্পিন বলে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন।

বাংলাদেশের চার পেসারের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাই সবচেয়ে কম বল করেন। শুরুতে ধীরে বল করলেও শেষের দিকে স্বাভাবিক গতিতে বল করেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে না খেলা রুবেল হোসেন অনুশীলনে দারুণ বোলিং করেন। দারুণ এক ইয়র্কারে মাহমুদুল্লাহ রিয়াদের লেগস্ট্যাম্প উপড়ে ফেলেন তিনি। দুই তরুণ পেসার আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ প্রচুর বাউন্সার দেন।

রুবেল ও আল-আমিন দুই প্রান্ত থেকে বল করেন। অন্য একটি নেটে বল করেন মাশরাফি ও তাসকিন। এছাড়া দুটি নেটে বল করেন স্পিনাররা।

বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও কিছুক্ষণ বল করেন।

মুমিনুল হক, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ প্রথম ধাপে ব্যাটিং অনুশীলন করেন। এরপর সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান ও মাশরাফি ব্যাটিং করেন।

কয়েকজন বোলারের সঙ্গে শেষ ধাপে ব্যাটিং অনুশীলন করেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক।

স্থানীয় কিছু সুঠামদেহী নেট বোলারের পেস ও বাউন্সে শুরুতে সুবিধা করতে না পারলেও মুমিনুল পরে দারুণ কিছু পুল শট খেলেন। শেষের দিকে আগেভাগেই লেন্থ বুঝতে পেরে দ্রুত জায়গায় পৌঁছে যান তিনি।

স্কুল ফেরা শিক্ষার্থীদের সামনে বাংলাদেশের অনুশীলনে সবচেয়ে বেশি ব্যাটিং করেন মুশফিক।