পাকিস্তান-সাফল্যে বুঁদ নন ধোনি
সাফল্য বরমাল্য দেয়-মহেন্দ্র সিং ধোনির বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সাফল্যের ধারা ধরে রাখার পর ভারত জুড়ে তার নেতৃত্বগুণের গুণকীর্তন চলছে। তবে ধোনি নিজে 'অস্থায়ী' এই সাফল্যে বুঁদ হয়ে থাকতে চান না।
রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে পাকিস্তানকে ৭৬ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। বিশ্বকাপে এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলা ৬ ম্যাচের সবকটিতেই জিতলো তারা।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজটা খুব হতাশায় কাটে ভারতের। তখন ধোনির বেশ সমালোচনা হয় চারিদিকে। এই দুরবস্থা কাটিয়ে বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করায় অধিনায়ক ধোনির প্রশংসায় পঞ্চমুখ সবাই।
"আমি এতে বুঁদ হয়ে থাকতে চাই না, কারণ একটা সময় আসবে যখন আমরা হারব।"
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ভারতের সাফল্য নিয়ে পড়ে না থাকলেও বিষয়টি তাকেও দোলা দেয় কমবেশি।
"হ্যা, রেকর্ডটা ভালো। যা করেছি, সেই বিষয়টি নিয়ে আমরা গর্বিত।"
রেকর্ড ধরে রাখার বিষয় নয়, পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের মন্ত্র ছিল একটাই-জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার তীব্র ইচ্ছা। সেটা করতে পারায় খুশি ধোনি।
"শুরু করার জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। …সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অতীত নিয়ে না ভাবা।"
