বিশ্বকাপ অভিষেকেই মিলারের বাজিমাত
বিশ্বকাপে অভিষেকেই শতক করার পাশাপাশি দুটি রেকর্ডও গড়েছেন ডেভিড মিলার। আর সর্বোচ্চ প্রতিযোগিতায় যাত্রার শুরুতেই বাজিমাত করে ম্যাচ সেরার পুরস্কারটাও জিতে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।
বড় মঞ্চে নেমেই এমন দারুণ শুরুর পর ২৫ বছর বয়সী মিলার বলেন, "প্রথম শতকও স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু এটাও ঠিক একই রকম দারুণ অনুভূতি।"
রোববার হ্যামিল্টনের সেডন পার্কে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৩৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৮ ওভার ২ বলে ২৭৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে অবশ্য বিপদেই পড়েছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা। ৮৩ রানে ৪ উইকেট হারায় তারা।
এরপরই জুটি বাধেন মিলার ও ডুমিনি। ২৯.৪ ওভার স্থায়ী জুটিতে তারা ৮.৬২ গড়ে রান তুলে পঞ্চম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড গড়েন। আর ৯২ বলে অপরাজিত ১৩৮ রানের বিধ্বংসী ইনিংসে ৭টি চার ও ৯টি ছক্কা মারেন তিনি। বিশ্বকাপে কারো ব্যক্তিগত ইনিংসে এটা সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে মিলারের অভিষেক হয় ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টি-টোয়েন্টি দিয়ে শুরুর দুই দিন পর ওয়ানডেতেও জায়গা পান তিনি। কিন্তু ব্যাটে রান না থাকায় পরের বছর উপমহাদেশে হওয়া দশম বিশ্বকাপে সুযোগ পাননি তিনি।
২০১১ সালের শেষ দিকে দলে ফিরলেও ধারাবাহিকভাবে কখনই রানের মধ্যে ছিলেন না মিলার। তবে এই বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১৩০ রানের দারুণ ইনিংস গড়ে বিশ্বকাপে দুর্দান্ত কিছুর করার প্রতিশ্রুতি দেন।
গত সপ্তাহে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই মিলার ৪ রান করে করায় ভক্তরা হয়তো কিছুটা দুশ্চিন্তায়ই পড়ে গিয়েছিলেন। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমেই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেললেন তিনি।
