২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলারের ছক্কার রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো গতিতে ব্যাট করে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 04:55 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

৮৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দলের বিপদ কাটাতে ৯২ বলে অপরাজিত ১৩৮ রান করেন মিলার। বিধ্বংসী এই ইনিংসে ৯টি ছক্কা মারেন তিনি।

এত দিন ৮ ছক্কার রেকর্ড ছিল তিন জনের। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে রিকি পন্টিং প্রথম ৮টি ছক্কা মারেন। এরপর ২০০৭ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে সেই রেকর্ডে ভাগ বসান পাকিস্তানের ইমরান নাজির। পরে ওই আসরেরই ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট মারেন ৮ ছক্কা।

এটা ছাড়াও ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছেন মিলার। জেপি ডুমিনির সঙ্গে মিলে পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ২৫৬ রান তোলেন তিনি। পঞ্চম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ডের পাশাপাশি সব মিলিয়ে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রানের জুটিও এটা।

রোববার হ্যামিল্টনের সেডন পার্কে ৬২ রানের জয়ের ম্যাচে ৪ উইকেটে ৩৩৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৮.২ ওভারের ২৭৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।