'আইরিশদের উইন্ডিজ জয় বিস্ময় হবে না'
এই বিশ্বকাপের প্রথম অঘটনটা কি সোমবারই হবে? অনেকেই মনে করেন, বিশ্ব ক্রিকেটে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারে আয়ারল্যান্ড। এটা হলে সেটা কোনো অঘটন বা বিস্ময় নয় বলেই দাবি করেছেন আইসিসির সহযোগী দেশটির অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
সোমবার নিউ জিল্যান্ডের নেলসনে বাংলাদেশ সময় ভোর ৪টায় আইরিশ পরীক্ষার মুখোমুখি হবে নড়বড়ে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচের আগে রোববারের সংবাদ সম্মেলনে একটি হুমকিই দিয়ে রাখেন পোর্টারফিল্ড।
"(আমরা জিতলে) এটা বিস্ময় হবে বলে আমি মনে করি না। আমি মনে করি, আমরা প্রত্যেক ম্যাচের জন্যই প্রস্তুতি নিচ্ছি এবং ম্যাচ জিততেই নামব।"
টেস্ট খেলুড়ে ছাড়া এই বিশ্বকাপের চারটি দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ আয়ারল্যান্ড। পোর্টারফিল্ডও সেই বিষয়টিই উল্লেখ করেন।
"আমি মনে করি, আমরা যথেষ্ট ক্রিকেট খেলেছি এবং এখানে আমরা সবাই সবাইকে চিনি।"
আয়ারল্যান্ডের বেশিরভাগ খেলোয়াড়ই অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এ ছাড়া এই দলটির বেশ কিছু সদস্যের ২০০৭ বিশ্বকাপ খেলারও অভিজ্ঞতাও আছে।
সংবাদ সম্মেলনে বিষয়টি খুব গর্ব নিয়েই বলেন পোর্টারফিল্ড।
"এরকম বেশি দল নেই যারা আমাদের দলে থাকা ১৫ জনকে খুব ভালোভাবে চেনে না।"
