২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের দায় দিলেন ম্যাথিউস

নিউ জিল্যান্ডের কাছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারের কারণ হিসেবে বাজে বোলিংয়ের কথা বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 12:22 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

টসে হেরে আগে ব্যাটিং নেমে ৩৩১ রান তোলে নিউ জিল্যান্ড। ৯৮ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে তারা। ক্রাইস্টচার্চে শনিবার স্বাগতিকদের রানের চাকা আটকে রাখতে না পারার দায় বোলারদের দেন শ্রীলঙ্কা অধিনায়ক ম্যাথিউস।

“আমরা জানতাম, এটা ভালো উইকেট হতে যাচ্ছে এবং আমাদেরকেও ভালো বোলিং করতে হবে। কিন্তু তারা (বোলাররা) নিচু মানের শুরু করে।”

উদ্বোধনী জুটিতে ১৫.৫ ওভারে ১১১ রান তুলে কিউইদেরকে শক্ত ভিত গড়ে দেন মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। পরে আর কিউই ব্যাটসম্যানদের বেঁধে রাখতে পারেনি অতিথি দলের বোলাররা।

শ্রীলঙ্কার তিন বোলার পঞ্চাশের ওপরে রান খরচ করেন। পেসার নুয়ান কুলাসেকারা ৮ ওভার বল করে ৭৮ রান দেন। ম্যাথিউস জানান, পরে তার বোলাররা ম্যাচে ফিরলেও অনেক দেরি হয়ে গিয়েছিল।

বল হাতে প্রত্যাশা মেটাতে পারেননি লাসিথ মালিঙ্গা। চোট কাটিয়ে ফেরা এই পেসার ১০ ওভার বল করে ৮৪ রানে উইকেট শূন্য থাকেন। তবে শ্রীলঙ্কা অধিনায়কের আশা, পরের ম্যাচে আরো শক্তিশালী হয়ে ফিরবেন মালিঙ্গা।

এদিকে বড় জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ায় দারুণ খুশি নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দলের তিন ব্যাটসম্যান অর্ধশতকের ওপরে ইনিংস খেলায় ও পাঁচ বোলার দুটি করে উইকেট পাওয়ায় দারুণ খুশি তিনি।

“ছেলেদের কাছ থেকে এটা আসলেই ভালো পারফরম্যান্স। দীর্ঘদিন ধরে আমরা এর জন্য অপেক্ষা করছিলাম। তো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারাটা বড় ব্যাপার।”

ব্যাট হাতে ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলার পর বল হাতেও দুই উইকেট নিয়ে ক্রাইস্টচার্চের ম্যাচ সেরা হন নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। ক্রাইস্টাচার্চে জন্ম নেয়া এই অলরাউন্ডার নিজের মাঠে আলো ছড়াতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।

“ঘরে ফিরে পরিবার ও বন্ধুদের সামনে খেলাটা দারুণ।”