২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে ‘না পাওয়াটাই’ মিসবাহর অনুপ্রেরণা

বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত- পাকিস্তানীদের জন্য একদিকে এটা যেমন দারুণ উত্তেজনার, তেমনি দলের অনেকের জন্য বাড়তি চাপেরও। তবে পাক অধিনায়ক মিসবাহ-উল-হক সতীর্থদের ভারমুক্ত হয়ে খেলার আহবান জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 10:59 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেইড ওভালে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার শক্তিশালী এই দুই দল।

চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে পাকিস্তান, কিন্তু বিশ্বকাপে কখনই তারা হারাতে পারেনি ভারতকে। তবে, অধিনায়ক মিসবাহ হতাশার এই জায়গা থেকেই অন্যরকম এক অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করছেন।

“আমি মনে করি, বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা কখনও জিততে পারেনি, এটা আমাদের জন্য বড় প্রেরণার। যে দলের অধিকাংশ খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে, এমন অনভিজ্ঞ একটা দল নিয়ে আমরা যদি জিততে পারি তাহলে তাদের জন্য এটা হবে বড় প্রেরণার।”

১৯৯২ থেকে শুরু করে বিশ্বকাপে মোট পাঁচবারের দেখায় প্রতিবারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তবে বিশ্বকাপ বাদে ১২১ বারের মুখোমুখি লড়াইয়ে ৭২ ম্যাচ জিতেছে তারা।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের উদ্বুদ্ধ করতে মিসবাহ আরও বলেন, “আমাদের হারানোর কিছু নেই-শুধু মাঠে গিয়ে খেল, নিজেদের তুলে ধর আর জেতার চেষ্টা করো। ভালো ক্রিকেট খেলার চেষ্টা করো। আগামীকাল (রোববার) এটাই আমাদের মূল চাবিকাঠি হবে।”

পাকিস্তানের বর্তমান দলের অনেকেরই এটা প্রথম বিশ্বকাপ। তাই হতাশার এই পরিসংখ্যান তরুণদের মনের উপর হয়তো নেতিবাচক প্রভাব ফেলবে। তবে
সতীর্থদের সবরকম ভয়ভীতি দূরে ঠেলে নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করতে বলেন মিসবাহ, “তোমাদের ভয় পেতে হবে না, কারণ তুমি ম্যাচের ফল নিয়ন্ত্রণ করতে পারবে না।”