নিজের মাঠে অ্যান্ডারসনের ব্যাটিং ঝড়
বিশ্বকাপে ছয়-ছয়বার সেমি-ফাইনালে উঠেও কখনও ফাইনাল খেলতে না পারার ব্যর্থতা কাটাতে মরিয়া নিউ জিল্যান্ড এবার দারুণ শুরু করেছে। আর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এমন দুর্দান্ত শুরুর পর আরাধ্য স্বপ্ন পূরণের কথাও বললেন ব্যাটিং ঝড় তুলে এই ম্যাচে সেরার পুরস্কার জেতা কোরি অ্যান্ডারসন।
গত বিশ্বকাপের সেমি-ফাইনালে শ্রীলঙ্কার কাছেই হেরে বিদায় নিয়েছিল নিউ জিল্যান্ড। ১৯৯২ বিশ্বকাপ পর থেকে এই দলের বিপক্ষে অজেয় ছিল শ্রীলঙ্কা।
তাই এই জয়ের মধ্য দিয়ে প্রতিশোধও নেয়া হলো কিউইদের। তবে সবকিছুর পরেও দেশের মাটিতে, পরিবার ও বন্ধুদের সামনে খেলতে পারাটাই আসল কথা বলে জানান ৭৫ রানের ইনিংস খেলা অ্যান্ডারসন।
“বাড়িতে ফিরে আসা এবং পরিবার ও বন্ধুদের সামনে খেলাটা দারুণ। আমার ধারণা, এই বিশ্বকাপ নিয়েই আমরা স্বপ্ন দেখেছি।”
শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনের অর্ধশতকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৩২ রানের লক্ষ্য দেয় নিউ জিল্যান্ড। পরে বোলারদের দাপটে ৯৮ রানে ম্যাচটি জিতে নেয় তারা।
নিউ জিল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারে রস টেইলর আউট হলে ক্রিজে আসেন অ্যান্ডারসন, ওই সময় স্বাগতিকদের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৩।
প্রথম ৮ বলে ২ রান করলেও নবম বলে ছক্কা মেরে মারমুখী ব্যাটিং শুরু করেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭৫ রান করেন অ্যান্ডারসন। পরে বল হাতেও দুই উইকেট নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দেয়ায় অবদান রাখেন তিনি।
