২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের ম্যাচ দেখায় ক্লান্তি ডি ভিলিয়ার্সের!

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবিডি ভিলিয়ার্স জানিয়েছেন, অন্যদের ম্যাচ দেখতে বসলে তার ক্লান্তি লাগে। আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ম্যাচে মনোযোগ দেয়ার কথাও বলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 09:34 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

সেডন পার্কে রোববার জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। আর শনিবার বিশ্বকাপের উদ্বোধনী দিনে মুখোমুখি হয় নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ দেখতে বসে কিছুক্ষণ পর ক্লান্তি বোধ করার কথা জানান ভিলিয়ার্স, “অন্যদের ম্যাচ দেখা এবং অনুসরণ করা আমাকে ক্লান্ত করে। আমি আসলে অন্যদের ম্যাচ আমলে নেই না। এখনই শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের ম্যাচের কিছুটা দেখছিলাম। ১০ ওভার দেখলাম এবং এখানে বসে থাকতে ক্লান্ত অনুভব করছি।”

ভিলিয়ার্স মনে করেন, গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি কঠিন ম্যাচ খেলতে হবে তাদের। এ কারণে অন্যের ম্যাচ দেখে নিজেকে ক্লান্ত হতে চান না তিনি।

প্রতিবারই বিশ্বকাপে অন্যতম ফেভারিট থাকলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফেরে দক্ষিণ আফ্রিকা। প্রত্যাশার চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় তাদের নামই হয়ে গেছে ‘চোকার্স’। তবে ভিলিয়ার্সের বিশ্বাস, এবারের বিশ্বকাপে তাদের সাফল্য পাওয়ার ভালো সুযোগ আছে। তিনি মনে করেন, দল হিসেবেও তারা এ মুহূর্তে ভালো অবস্থায় আছে।

তবে এখনই বিশ্বকাপ জয়ের কথা ভেবে চাপ নিতে চান না ভিলিয়ার্স। আপাতত জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচটি নিয়ে ভাবার কথা বলেন তিনি, “আমরা এ মুহূর্তে শিরোপা নিয়ে ভাবছি না। জানি, আমরা এটা জিততে পারি। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা জানি, আমাদের সামনে অনেক বাধাও আছে। তবে প্রথম বাধা জিম্বাবুয়ে।”