বিশ্বকাপে ভারত গেরো খোলার সুযোগ পাকিস্তানের
বিশ্বকাপ আর ভারত-এই দুইয়ের মাঝে একটা গেরোয় যেন আটকে আছে পাকিস্তান। এবার এই গেরো খুলতে চায় মিসবাহ-উল হকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপে জয় না পাওয়ার ইতিহাস বদলে দেয়ার প্রত্যয় নিয়েই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে তারা।
রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ২০১৫ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত-পাকিস্তান।
ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত ১২৬টি ম্যাচে মুখোমুখি হয় এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান, ৭২টি জয় তাদের। আর ভারত জিতেছে ৫০টি ম্যাচে। বাকি চারটি ম্যাচে কোনো ফল হয়নি।
প্রসঙ্গ যখন বিশ্বকাপ, ভারতের তখন একচেটিয়া আধিপত্য। বিশ্বমঞ্চে পাকিস্তানের বিপক্ষে খেলা ৫টি ম্যাচের একটিতেও হারেনি তারা। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়া চারটি ম্যাচের একটিতেও ভারতের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।
বিশ্বকাপ আসে, ভারত-পাকিস্তান মুখোমুখি হয়; চারদিকে আলোচনার ঝড় ওঠে-এবার কি পাকিস্তান পারবে ভারতের বিপক্ষ বিশ্বকাপে জয়-খরা কাটাতে?
অ্যাডিলেইডের ম্যাচের আগে শনিবারের সংবাদ সম্মেলনে মিসবাহ তরুণ দলটিকে নিয়ে নতুন ইতিহাস গড়ার আত্মবিশ্বাসের কথা বলেন।
"ভারতের বিপক্ষে বিশ্বকাপে আমরা কোনো ম্যাচ জিতিনি, এটাই আমাদের বড় একটি প্রেরণা। তাই আমরা যদি একটা অনভিজ্ঞ দল নিয়ে এটা করতে পারি, বেশিরভাগ ছেলেই বিশ্বকাপে প্রথম খেলছে; এটা তাদের জন্য বড় প্রেরণা।"
শুধু প্রেরণা দিয়ে যে ম্যাচ জেতা যায় না, এটা ভালো করেই জানেন মিসবাহ। সতীর্থদের তাই জয়-পরাজয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মাঠে গিয়ে নিজেদের কাজটা করার পরামর্শ দেন তিনি।
"ভালো ক্রিকেট খেলার চেষ্টা কর। এটাই আগামীকাল (রোববার) আমাদের জন্য মূল হবে। ভয় পাওয়া যাবে না, কারণ তুমি ফল নিয়ন্ত্রণ করতে পারো না। তুমি তোমার প্রচেষ্টাকে নিয়ন্ত্রণ করতে পারো।"
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ৪টি ম্যাচ খেলে তারা। একটি ম্যাচও জিততে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জেতে ভালোভাবেই।
অন্যদিকে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচই জেতায় আত্মবিশ্বাসের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে আছে তারা।
এই ম্যাচে নামার আগে অবশ্য দুই দলই কিছু সমস্যায় ভুগছে। চোট আর নিষেধাজ্ঞার ফাঁদে পড়ে বিশ্বকাপে নিজেদের সেরা দলটি গড়তে পারেনি পাকিস্তান। ওয়ানডের সেরা বোলার সাইদ আজমল দলে নেই, আর চোটের কারণে ছিটকে পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।
এদিকে পেস আক্রমণে ভারতের চিরায়ত সমস্যাটাকে আরও প্রকট রূপ দিয়ে চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন ইশান্ত শর্মা।
দলের সাম্প্রতিক বাজে ফর্ম আর চোটের হানার পরও ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ সাফল্য ধরে রাখার ব্যাপারে আশাবাদী। সংবাদ সম্মেলনে সেই আশার পেছনে যুক্তিও দেখান তিনি।
"এই দলটির সবচেয়ে উজ্জ্বল ব্যাপার হচ্ছে, স্নায়ু শান্ত রাখার দরকার নেই। তাদের সবারই যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা আছে।"
নতুনের কেতন উড়িয়ে পাকিস্তান চায় গেরো ছোটাতে। আর অভিজ্ঞতার আলোকে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ভারতের। ক্রিকেট বিশ্ব প্রতীক্ষায় আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর উত্তেজনাময় এক লড়াই দেখার।
