২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামামের কলাম: ভারত-পাকিস্তান 'ফাইনালের আগের ফাইনাল'

চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার আগে আদর্শ প্রস্তুতি হয়নি কোনো দলের। তবু অস্ট্রেলিয়ায় গত কয়েক মাস তো ক্রিকেটের মধ্যে রয়েছে ভারত। সে কারণে তাদের পাকিস্তানের চেয়ে খানিকটা এগিয়ে রাখছেন ইনজামাম-উল হক। ’৯২-র বিশ্বকাপ দিয়ে বিশ্বমঞ্চে নিজের সামর্থ্যের প্রথম জানান দেওয়া এই কিংবদন্তির দৃষ্টিতে ভারত-পাকিস্তান মহারণে পার্থক্য গড়ে দিতে পারে আরেকটি বিষয়- টস!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 07:06 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

দুই দলের পাগলপারা সমর্থকদের জন্য বিশ্বকাপের শুরুটা এর চেয়ে ভালোভাবে হতে পারত না। এ যে ভারত-পাকিস্তানের দ্বৈরথ! ফাইনালের আগের ফাইনাল! আর সেটি শুধু সমর্থকদের জন্য না, ওই দুটি দলের জন্যও। টুর্নামেন্টের শুরুতেই মুখোমুখি হওয়া ভারত-পাকিস্তানের জন্য এক অর্থে ভালোই হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলার চাপটা চলে যাবে শুরুতে, এরপর আসল লক্ষ্যের দিকে পূর্ণ মনোযোগ দিতে পারবে তারা- বিশ্বকাপ জয়ের!

বিশ্বকাপে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে দল দুটি। প্রতিবার জয় ভারতের। ওই রেকর্ডের ধারা অক্ষুণ্ন রাখার চাপ থাকবে তাদের ওপর। ওদিকে মিসবাহ-উল-হকের দলের ওপর চাপ, ইতিহাস বদলে দেওয়ার। ম্যাচের আগে কাগজ-কলমের হিসেবের কথা যদি বলেন, আমি তাহলে এগিয়ে রাখব মহেন্দ্র সিং ধোনির দলকেই।

প্রস্তুতির কথা বললে অবশ্য হিসেবটা হবে অন্যরকম। দুই দলের কারো জন্যই সেটি আদর্শ না। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে কিছু ভালো সময় হয়তো কাটিয়েছে ভারত। তবে মোটা দাগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি এখনো। বোলাররা এখনো খুঁজে পায়নি লাইন। আর শক্তিশালী ব্যাটিং লাইনও জ্বলে উঠতে পারছে না সেভাবে।

মিসবাহর দলের অবস্থাও সুবিধার না। নিউ জিল্যান্ডের কাছে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে যে তারা ০-২ ব্যবধানে হারল, যেখানে দ্বিতীয় ওয়ানডেতে তাদের বিপক্ষে উঠল ৩৭০ রান- এটি আমার কাছে চমক হয়ে আসেনি।

আসলে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে খাপ খাইয়ে নেওয়া উপমহাদেশের দলগুলোর জন্য সহজ নয় কখনোই। ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা বেড়ে ওঠে নিজেদের দেশে ধীরগতির ও মরা পিচে খেলে। বাইরের তুলনামূলক সজীব উইকেটে খেলতে গিয়ে তাদের বেশিরভাগই ধুঁকে তাই।

আর বিশ্বকাপে তো দুই প্রান্ত থেকে নতুন দুটো বলে খেলা হচ্ছে। এশিয়ান দলগুলোর কঠিন সময়কে কঠিনতর করে তুলবে তা। আমাদের বোলাররা পুরনো বলে বোলিং করতে ভালোবাসে, রিভার্স সুইংও পায়। আর বল ২০ ওভারের পুরনো হয়ে গেলে স্পিনারদের জন্য তা গ্রিপ করতে হয় সুবিধা। আমার আশঙ্কা, দুই নতুন বলের কারণে এই বিশ্বকাপে বোলাররা সেই অর্থে রিভার্স সুইং পাবে না। আর বল যেহেতু ২৫ ওভারের বেশি পুরনো হওয়ার সুযোগ নেই, স্পিনারদের টার্ন পাওয়াও মুশকিল।

পরিসংখ্যানের পোকা নই আমি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন কেমন খেললেন, তা আপনি দলের যত সিনিয়র কিংবা জুনিয়র সদস্যই হোন না কেন। তবে একটি ‘নির্দয়’ পরিসংখ্যান আমাকে পর্যন্ত দুবার ভাবায়- এমন বড় ম্যাচে টস আসলে কতটা গুরুত্বপূর্ণ?

আমি বিশ্বাস করি, আগে ব্যাটিং করাটা সবসময় ভালো। কারণ, এমন মহারণে রান তাড়া করাটা খুব চাপের। বিশ্বকাপের পাঁচ ম্যাচের মধ্যে ভারত চারটিতে টসে জিতেছে এবং ওই চারবারই পরে ব্যাটিং করে আমরা চাপের মুখে ভেঙে পড়েছি। একবারই মাত্র পাকিস্তান জিতেছিল টস। সেঞ্চুরিয়নে ২০০৩ বিশ্বকাপের সেই খেলাটি ভারত জেতে আমার দেখা শচীন টেন্ডুলকারের অন্যতম সেরা ইনিংসে; ২৭৪ রানের টার্গেট তাড়া করেও।

তবে এমনটা বলার পরও বলতে বাধ্য হচ্ছি, অন্য ম্যাচগুলো নিজেদের দিকে টেনে আনার সুযোগ কিন্তু আমরা পেয়েছিলাম। সেটি সিডনি (১৯৯২) বলুন কিংবা ব্যাঙ্গালোর (১৯৯৬) অথবা ম্যানচেস্টার (১৯৯৯), এমনকি মোহলিতেও (২০১১)। ঠিক কেন যে শেষ পর্যন্ত পারিনি, এর যুতসই কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। মনে হয়, মানসিক বাধাটাই এক্ষেত্রে বড়। আমি নিশ্চিত, এবারের পাকিস্তানের টিম ম্যানেজম্যান্ট সেটি নিয়ে কাজ করছে।

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো একটু খেয়াল করে দেখুন। আমরা কিন্তু কোনোবারই ওদের বিপক্ষে সহজে হার মানিনি। বেশিরভাগ ম্যাচে আমাদের বোলাররা ভালোই করেছে। ডুবিয়েছে ব্যাটসম্যানরা। সিডনিতে যেমন আমরা ২১৭ রান তাড়া করতে পারিনি। ব্যাঙ্গালোরে ২৮৮ রানের লক্ষ্যে নেমে আমির সোহেল-সাইদ আনোয়ারের বিস্ফোরক শুরু পারিনি কাজে লাগাতে। ম্যানচেস্টারে আবার ব্যর্থ ব্যাটসম্যানরা, ভারতকে ছয় উইকেটে ২২৭ রানে আটকে রাখার পরও। আর সেঞ্চুরিয়নে ২৭৩ করার পর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের পেস ব্যাটারি অকার্যকর হয় টেন্ডুলকারের ব্যাটিং-বীরত্বে।

এবার পাকিস্তানের বোলিং লাইন অমন শক্তিশালী না। নির্বাচকরা অভিজ্ঞতাকে প্রাধান্য না দিয়ে ঝুঁকেছেন তারুণ্যের দিকে। হ্যাঁ, এমন বড় টুর্নামেন্টে প্রতিপক্ষকে চমকে দেওয়ার জন্য দু-একজন আনকোরাকে হয়তো নেওয়া যায়। কিন্তু আমার মনে হয়, পাকিস্তান স্কোয়াডে ওই সংখ্যাটি অনেক বেশি। এহসান আদিল, সোহাইল খান, ইয়াসির শাহদের বড় টুর্নামেন্টে খেলার কোনো অভিজ্ঞতাই তো নেই। দীর্ঘকায় মোহাম্মদ ইরফানই কেবল ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে ঝামেলায় ফেলতে পারে বলে আমার মনে হচ্ছে।

এটি অস্বীকারের উপায় নেই যে, উমর গুল, মোহাম্মদ হাফিজ ও জুনাইদ খানের চোট এবং অ্যাকশনের কারণে সাইদ আজমলের না থাকা পাকিস্তানের বোলিং শক্তি করেছে খর্ব। তারপরও আমি বিশ্বাস করি, ইরফান ও শহিদ আফ্রিদি যদি শুরুতে ধাক্কা দিতে পারে, তাহলে বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, ধোনিদের ব্যাটিং লাইনের পরীক্ষা নিতে পারব আমরা।

অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবে না যে, আমাদের আগের পাঁচ মুখোমুখি লড়াইয়ের আবহে ফেভারিট ছিল পাকিস্তান। প্রতিবার কিন্তু হারতে হয়েছে আমাদের। এবার নিশ্চিতভাবেই আমরা ফেভারটি নই। কে জানে, এটি হয়তো ম্যাচ আমাদের পক্ষে আনায় রাখবে সহায়ক ভূমিকা!

মস্তিষ্ক কী বলছে, ভুলে যান। মন সায় দিচ্ছে কোন পক্ষে, সেটিও মনে রাখার নেই প্রয়োজন। শুধু মনে রাখুন, ভারত-পাকিস্তান মহারণে ক্রিকেটাররা মাঠে নামে ভিন্ন মানসিকতা নিয়ে। এই ম্যাচের চাপের সঙ্গে যারা মানিয়ে নিতে পারে, তারাই জেতে। এবারের ম্যাচের আগে আমার পরামর্শ একটাই- টস জিতে আগে ব্যাটিং করা। শুভকামনা রইল দুই দলের জন্যই।

- আইসিসির সৌজন্যে