পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারের পরেই সাঙ্গাকারা
২০১৫ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে ব্যক্তিগত একটি সাফল্যে ভাসলেন কুমার সাঙ্গাকারা। রিকি পন্টিংকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।
পন্টিংকে ছাড়িয়ে যেতে ১২ রান প্রয়োজন ছিল সাঙ্গাকারার। ইনিংসের ১৬তম ওভারে অ্যাডাম মিল্নের করা পঞ্চম বলে চার মেরে পন্টিংকে ছাড়িয়ে যান তিনি। একই সঙ্গে বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলকও পেরিয়ে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এর আগে আর মাত্র দুজন শ্রীলঙ্কান ব্যাটসম্যানই বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক পার হয়েছেন - সনাথ জয়াসুরিয়া আর অরবিন্দ ডি সিলভা।
ওয়ানডে ক্রিকেটে ৩৭৫ ম্যাচ খেলে ১৩ হাজার ৭০৪ করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৯ রান করেন সাঙ্গাকারা। ওয়ানডে ক্রিকেটে ৩৯৮ ম্যাচে ১৩ হাজার ৭৩২ রান তার।
টেস্টের মতো ওয়ানডেতেও সর্বোচ্চ রানের মালিক শচিন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান তার।
মাইলফলক পেরোনোর দিনটি সুখকর হয়নি সাঙ্গাকারার। নিউ জিল্যান্ডের কাছে ৯৮ রানে ম্যাচটি হারে তার দল।
ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ রান:
খেলোয়াড় | ম্যাচ | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | ১০০ | ৫০ |
শচিন টেন্ডুলকার | ৪৬৩ | ৪৫২ | ১৮৪২৬ | ২০০* | ৪৪.৮৩ | ৪৯ | ৯৬ |
কুমার সাঙ্গাকারা | ৩৯৮* | ৩৭৪ | ১৩৭৩২ | ১৬৯ | ৪০.৯৯ | ২১ | ৯৩ |
রিকি পন্টিং | ৩৭৫ | ৩৬৫ | ১৩৭০৪ | ১৬৪ | ৪২.০৩ | ৩০ | ৮২ |
সনাথ জয়সুরিয়া | ৪৪৫ | ৪৩৩ | ১৩৪৩০ | ১৮৯ | ৩২.৩৬ | ২৮ | ৬৮ |
মাহেলা জয়াবর্ধনে | ৪৪২* | ৪১৪ | ১২৫২৫ | ১৪৪ | ৩৩.৪০ | ১৮ | ৭৭ |
