ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে আইরিশদের হতাশা
আইরিশ ক্রিকেটার ওয়েন মর্গ্যানের এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেয়াটা মেনে নিতে পারছেন না অ্যাল্যান লুইস। মর্গ্যানের মতো বয়েড র্যানকিনের আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডের জার্সি গায়ে তুলে নেয়ায় হতাশ ও বিরক্ত আয়ারল্যান্ড দলের এই প্রধান নির্বাচক।
স্লগ সুইপ পডকাস্টের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের হতাশা তুলে ধরেন আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক লুইস।
“গত দশ বছর ধরে আমি ইংল্যান্ড দলটাকে দেখছি, এই ছোট দ্বীপ (আয়ারল্যান্ড), যেখানে ক্রিকেট চার বা পাঁচ নম্বর খেলা কিন্তু এখান থেকেও তিনজন খেলছে ইংল্যান্ড দলে, যাদের জাতীয় খেলা ক্রিকেট।”
বর্তমান ইংল্যান্ড দলে আছেন দুই আইরিশ ক্রিকেটার ওয়েন মর্গ্যান ও বয়েড র্যানকিন। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলেছেন আয়ারল্যান্ডের আরেক ক্রিকেটার এড জয়েস; পরে অবশ্য দেশের টানে ফেরেন তিনি। মর্গ্যান, র্যানকিন ফেরেননি।
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে আয়ারল্যান্ডের গ্রুপে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত। আয়ারল্যান্ড দলে এ মুহূর্তে মর্গ্যান, র্যানকিন থাকলে কত কী হতে পারত, সেটা ভেবেই আরো বেশি হতাশ হচ্ছেন লুইস।
“ওয়েন এবং বয়েড আমাদের সঙ্গে থাকলে আমরা কোথায় থাকতে পারতাম, সেটা ভাবা একটু হলেও বিরক্তিকর; অবশ্য আমরা এডকে ফিরে পেয়েছি।”
“তবে ওয়েন নিজের সামর্থ্য দিয়ে যে সুযোগ পেয়েছে, তা থেকে আমি তাকে বঞ্চিত করতে চাই না। আমিও সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাইতাম এবং সত্যি বলতে সব আইরিশ সমর্থক তাকে শুভকামনা জানাবে, এটা দারুণ একটা গল্প কিন্তু এটা ভীষণ হতাশারও।”
স্বদেশি ক্রিকেটারদের আয়ারল্যান্ডে ফিরিয়ে আনাটাও ‘পরবর্তী পদক্ষেপ’ বলেন জানান আইরিশদের হয়ে ১৯৯৪ সালের আইসিসি ট্রফি জেতা এই সাবেক ক্রিকেটার।
