২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার পরীক্ষা নিতে প্রস্তুত ইংল্যান্ড

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সাফল্য হাতেগোনা। তবে ক্রিকেটের সবচেয়ে পুরনো এই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সেই সব হিসেব-নিকেশ খুব একটা খাটে না। তাই বিশ্বকাপের উদ্বোধনী দিনে ফেভারিট অস্ট্রেলিয়াকে ওয়েন মর্গ্যানের দল হারিয়ে দিলেও তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 06:16 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হবে।

২০১২ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ হারের পর থেকে অন্য চেহারা অস্ট্রেলিয়ার। তাদের বিপক্ষে দেশের মাটিতে শেষ ১৫ ম্যাচের ১৩টিতেই জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তাই বলে ইংল্যান্ডকে মোটেও হালকাভাবে দেখছে না অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে নেতৃত্বে দেবেন জর্জ বেইলি। তিনি জানান, ইংল্যান্ড একটি বিপজ্জনক দল, তবে ওরা একজন বা দুইজনের ওপর অনেক বেশি নির্ভর করে।

এই ব্যাপারটাতেই এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তাদের ব্যাটিং গভীরতা সেই দশ নম্বর পর্যন্ত। ডেভিড ওয়ার্নারকে দিয়ে যে ব্যাটিং লাইনআপের শুরু তাতে আছেন শেন ওয়াটসন, বেইলি, স্টিভেন স্মিথের মতো ব্যাটসম্যানরা।

মিচেল জনসন, মিচেল স্ট্যার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের মতো পেসাররা রয়েছেন অস্ট্রেলিয়া দলে। যাদের প্রত্যেকেই ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন। এমন বোলিং লাইনআপ পেয়েই আর মাঠে নামার অপেক্ষায় তর সইছে না বেইলির।

এর বাইরে আছেন একজন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটে যেমন ঝড় তুলতে পারেন একই রকম কার্যকর হয়ে উঠতে পারেন বোলিংয়েও। স্পিন বিভাগে অধিনায়ককে নির্ভার রাখার সামর্থ্য তার আছে।

শেষ ১২ ওয়ানডের ১১টিতেই জিতে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়েই তাদের সামর্থ্যের প্রমাণ।

শনিবার বৃষ্টি হতে পারে; হতে পারে ঝড়ও। সেই সব পেছনে ফেলে বেইলির ভাবনায় ড্রপ-ইন-পিচ। পিচ কেমন করবে তা নিয়ে একটু অনিশ্চয়তায় আছেন তিনি।

“আমি দেখেছি, ড্রপ-ইন উইকেটগুলো বোঝা খুব কঠিন হয়। তাই এটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ফিঞ্চি (অ্যারন ফিঞ্চ) এবং অন্যদের কাছ থেকে এই ব্যাপারে জানবো। ওরা উইকেট সম্পর্কে বেশি জানবে। তবে তুমি এখানে সবকিছুই কিছুটা করে পেতে পার।”

এমসিজির ৯০ হাজার দর্শক কী আবহ তৈরি করতে পারে জানা আছে চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা জেমস অ্যান্ডারসনের। ইংল্যান্ডের এই পেসার জানান বিপুল এই দর্শকের সামনে খেলতে উন্মুখ হয়ে আছেন।

তিনি জানান, ধারণা করছি বেশিরভাগ দর্শক আমাদের বিপক্ষে থাকবে। আর এর জন্যই আমরা প্রস্তুত হয়ে আছি।

বিপুল দর্শকের সামনে স্বাগতিক দলকে হারানোর সম্ভাবনায় রোমাঞ্চিত অ্যান্ডারসনের কাঁধেই থাকবে ইংল্যান্ডের বোলিং আক্রমণের নেতৃত্ব। তাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। স্টিভেন ফিন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস ও ক্রিস জর্ডানের মতো পেসার রয়েছে দলটিতে।

লড়াইয়ের পুঁজি গড়তে ওয়েন মর্গ্যান, জো রুট, ইয়ান বেল, জস বাটলারের দিকে তাকিয়ে থাকবে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এ পর্যন্ত ১৩০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৭৬টিতে। ইংল্যান্ড জিতে ৪৯টিতে। দুটি টাই আর তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিশ্বকাপের রানার্সআপই ইংল্যান্ডের সেরা সাফল্য। ১৯৮৭ সালে তাদের হারিয়ে চার শিরোপার প্রথমটি জেতে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এ পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে তারা। অস্ট্রেলিয়া জিতে চারটিতে আর ইংল্যান্ডের জয় দুটিতে।