২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনারদের নির্ভুলতার ওপর জোর হেরাথের

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের উইকেট পেস সহায়ক হলেও রঙ্গনা হেরাথ মনে করেন, নির্ভুল বোলিং করলে স্পিনাররাও এবারের বিশ্বকাপে সাফল্য পাবেন। শ্রীলঙ্কা দলে মুত্তিয়া মুরালিধরণ ও অজন্তা মেন্ডিসের শূন্যতা পূরণে হেরাথ নিজেও নির্ভুল স্পিনের ওপর জোর দিচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 03:49 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

এবারের বিশ্বকাপ মিশনে শ্রীলঙ্কা স্পিনের জন্য তাকিয়ে থাকবে হেরাথের দিকে। ৩৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারও দলের প্রত্যাশা পূরণে নির্ভুল বোলিং করতে চান।

“আমি মনে করি না, শুধু প্রতিপক্ষের রান কমানোর জন্য স্পিনাররা এখানে এসেছে। এখানে কিছু পরিস্থিতিও থাকবে, যখন আপনাকে উইকেট নিতে হবে।”

“কিছু সময় আপনাকে এ বিষয়টার ওপর বিশ্বাস রাখতে হবে যে, আপনি যদি ঠিক জায়গায় বল করেন, তাহলে উইকেটও অপ্রত্যাশিত কিছু করবে এবং আপনি উইকেট পাবেন”, যোগ করেন ৬৭ ওয়ানডেতে ৭১ উইকেট নেয়া এই স্পিনার।

সুনিল নারাইন ও সাইদ আজমলের মতো সময়ের অন্যতম সেরা স্পিনারের এবারের বিশ্বকাপ খেলা হচ্ছে না। তাদের শূন্যতা পূরণের ভার থাকছে হেরাথের মতো প্রথাগত স্পিনারদের ওপর। এ বিষয়টা স্পিনারদের জন্য চ্যালেঞ্জ মনে হচ্ছে হেরাথের।

“সুনিল নারাইন ও সাইদ আজমলের মতো রহস্য স্পিনার এখানে নেই। অনেক অর্থোডক্স স্পিনার খেলছে এবারের বিশ্বকাপ। এটা তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কেননা, নিয়ম অনুযায়ী বৃত্তের বাইরে মাত্র চারজন ফিল্ডার থাকবে। এ কারণে নির্ভুলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আমি মনে করি, নির্ভুল বোলাররাই ভালো করবে।”

শনিবার ক্রাইস্টচার্চে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এ আসরের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে হেরাথের শ্রীলঙ্কা।