নিউ জিল্যান্ডের ‘সেরা’ দলটি নিয়ে আত্মবিশ্বাসী ম্যাককালাম
চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া ব্রেন্ডন ম্যাককালাম নিউ জিল্যান্ডের এবারের দলটিকেই সেরা মনে করছেন। সহ-আয়োজক দেশের অধিনায়ক নিশ্চিত, বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের বিপুল প্রত্যাশা সামলানোর সামর্থ্য তাদের আছে।
আগামী শনিবার হ্যাগলি ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবে নিউ জিল্যান্ড।
এবারের দলটি নিয়ে খুবই আশাবাদী নিউ জিল্যান্ডের জনগণ। গত ছয় সপ্তাহে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ জয় তাদের প্রত্যাশা আরো বাড়িয়েছে।
গত বৃহস্পতিবার ওয়ানডের সেরা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ জিল্যান্ডের হাজারো মানুষ। ম্যাককালামদের গ্রুপ পর্বের ছয় ম্যাচের প্রায় সব টিকেটই বিক্রি হয়ে গেছে।
৩৩ বছর ম্যাকালাম খেলেন গত তিনটি বিশ্বকাপে। তিনি জানান, তার খেলা সেরা বিশ্বকাপ দল এবারেরটিই।
ম্যাককালাম জানান, নিউ জিল্যান্ড দলে তরুণ আর অভিজ্ঞদের দারুণ একটি সমন্বয় রয়েছে। তিনি মনে করেন, এবার খুব ভালো সুযোগ রয়েছে তাদের।
বিশ্বকাপের আগের দশ আসরের ছয়টিতেই সেমি-ফাইনালে খেলে নিউ জিল্যান্ড।
ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর নিউ জিল্যান্ডকে তৃতীয় ‘ফেভারিট’ দল হিসেবে দেখছেন।
ম্যাককালাম জানান, দলের সবাই আত্মবিশ্বাসী। তারা সঠিক আসনে এবং সঠিক পথে আছেন।
“যে সুযোগগুলো আমরা পাব, তা কিভাবে কাজে লাগাবো, সেটাই এখন ব্যাপার।”
