নিউ জিল্যান্ড: এবার ফাইনালের দল?
‘চোকার’ তকমাটি জুড়ে আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তবে নিউ জিল্যান্ডই-বা কম কিসে! ১০ বিশ্বকাপের মধ্যে ছয়টির সেমি-ফাইনালে উঠেছে তারা। অথচ ফাইনালে উঠতে পারেনি যে একবারও!
মোটা দাগে প্রোটিয়াদের সঙ্গে তাদের পার্থক্য বোধহয় এক জায়গাতেই। দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট জয়ের আশা নিয়ে গিয়ে নানা দুর্ভাগ্যের খাঁড়ায় কাটা পড়ে বেশিরভাগ সময়। আর নিউ জিল্যান্ড কখনোই খুব বড় আশা নিয়ে বিশ্বকাপে যায় না, সেমি- ফাইনালে তাদের আত্মসমর্পনও হয় নিখাঁদ ক্রিকেটীয় ব্যর্থতায়। যে কারণে হয়তো ‘চোকার’ উপমা থেকে রেহাই মেলে কিউইদের।
তবে এবার কিন্তু বড় আশা নিয়ে বিশ্বকাপ শুরু করছে নিউজিল্যান্ড। ঘরের মাঠ স্বপ্ন দেখাচ্ছে তাদের। সর্বশেষ সহ-আয়োজক ছিল তারা ১৯৯২ আসরে। সেবার দারুণ দাপটে সেমি-ফাইনালে উঠেছিল মার্টিন ক্রোর দল। পর পর দুই ম্যাচে ইমরান খানের ‘কোণঠাসা বাঘ’ পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলা হয়নি। তবে দেশের মানুষ সেই দলটিকে এখনো মনে রেখেছে ভালোবাসায়। ক্রোর দলকে ছাপিয়ে আরেক ধাপ উত্তরণে ফাইনাল, চাই-কী আরেক ধাপ এগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে এবার ব্রেন্ডন ম্যাককালামের স্কোয়াড।
’৯২-র বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রস্তুতিপর্ব খুব জম্পেশ ছিল না। ইংল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ হারের ক্ষত নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল তারা। তুলনায় এবারের প্রস্তুতিটা দুর্দান্ত - সর্বশেষ সিরিজ শুধু না, সর্বশেষ দুই বছরের ফল। ২০১৩ সালের শুরু থেকে ধরলে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তানকে হারিয়েছে অ্যাওয়ে সিরিজে। গত গ্রীষ্মে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে উড়িয়ে দিয়েছে ৪-০ ব্যবধানে। নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষেও সিরিজ হারেনি। আর বিশ্বকাপের ঠিক আগের সিরিজ দুটোয় শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারানোয় এতটুকুন সমস্যা হয়নি নিউ জিল্যান্ডের। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার কাছে নিজেদের মাঠে এবং বাংলাদেশে গিয়ে অ্যাওয়ে সিরিজে হার- গত দুই বছরে কিউইদের ব্যর্থতা বলতে এটুকুনই।
বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে তাই কেন যাবে না নিউ জিল্যান্ড।
তবে বড় আসরে তাদের ভালো করার সামর্থ্য নিয়ে বরাবরের প্রশ্ন কিন্তু গত দুই বছরের স্বর্ণসময়েও উড়িয়ে দিতে পারেনি ম্যাককালামের দল। সর্বশেষ দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ইংল্যান্ডে গত বছরের চ্যাম্পিয়নস ট্রফি- মুখ থুবড়ে পড়েছে সব জায়গায়। ইতিহাসের এই পিছু টেনে ধরা ছাড়িয়ে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে তাই বিশ্বকাপ শুরু করবে কিউইরা।
ওই চ্যালেঞ্জে জয়ী হওয়ার মতো প্রতিভার কিন্তু কমতি নেই দলে। স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াই এত তীব্র যে, জেসি রাইডারের মতো ক্রিকেটারের পর্যন্ত জায়গা হয় না বিশ্বকাপ স্কোয়াডে। দলের নেতৃত্বে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম, আর সেটি সর্ব অর্থেই। তার বিস্ফোরক ব্যাটিং বিশ্বকাপে গড়ে দিতে পারে নিউ জিল্যান্ডের ভাগ্য, ১৯৯২ সালে অধিনায়ক মার্টিন ক্রোর ধ্রুপদী ব্যাটিং দিয়েছিল যেমনটা।
এছাড়াও এই নিউজিল্যান্ড দলে রয়েছে মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসনের মতো রানক্ষুধার্ত ব্যাটসম্যান এবং রস টেলর, কোরি অ্যান্ডারসনদের মতো আগ্রাসীরা। বিশেষত তিন ও চার নম্বরে থাকা উইলিয়ামসন-টেলরের জুটি জমে গেলে সেটি প্রতিপক্ষের জন্য ভয়ের। ওয়ানডের ২৮ ইনিংসে এই জুটি তুলেছে ১ হাজার ৪৯১ রান, গড় ৫৫.২২। এর মধ্যে আছে ছয় সেঞ্চুরির জুটি। তিন-চারে নিউ জিল্যান্ডের সফলতম জুটি অ্যান্ড্রু জোন্স ও মার্টিন ক্রো ৪১ ইনিংসে চার সেঞ্চুরির পার্টনারশিপে ৪১.৭৮ গড়ে তুলেছিলের ১ হাজার ৫৮৮ রান। উইলিয়ামসন-টেলর তাই পিছিয়ে নেই খুব। আর তাদের ব্যাটের ধার যে কতটা, সেটি হাড়ে হাড়ে টের পেয়েছিল ভারত। গত গ্রীষ্মের সেই সিরিজে এই দুজনের কেউই ৩৩তম ওভারের আগে হয়নি আউট। দলের রান প্রতিবার ছিল দেড়শ’ থেকে দু্ইশর মধ্যে। পরের ব্যাটসম্যানদের জন্য এর চেয়ে আদর্শ মঞ্চ আর কী হতে পারে!
নিউ জিল্যান্ডের বোলিংটাও দুর্দান্ত। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, মিচেল ম্যাকক্লেনাগানের পেস-ত্রয়ীকে সমঝে চলতে হবে সব প্রতিপক্ষের। বিশেষত নিজেদের চেনা উইকেট-কন্ডিশনে তারা ভয়ঙ্কর ভীষণ। আর বহু যুদ্ধের যোদ্ধা ড্যানিয়েল ভেট্টোরি ও নাথান ম্যাককালামের স্পিনও অধিনায়ককে দেবে নির্ভরতা।
এই স্কোয়াড নিয়ে ঘরের মাঠের বিশ্বকাপে প্রথম রাউন্ডে যে অনায়সে পার হবে নিউ জিল্যান্ড, সেটির পক্ষে বাজি ধরাই যায়; তাদের গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, স্কটল্যান্ড ও আফগানিস্তান থাকলেও।
তবে কোয়ার্টার-ফাইনাল থেকে শুরু নকআউট পর্বে কী হবে, সেটি অত নিশ্চিতে বলার উপায় নেই। গত দুই বছরে নিউ জিল্যান্ডের ফর্ম অবশ্য স্বপ্ন দেখাচ্ছে বড় কিছুর। অন্তত ছয় সেমি-ফাইনাল হারের গেরো ছুটিয়ে ২৯ মার্চের মেলবোর্নের ফাইনালে নাম লেখানোর। ওই ধাপটা পেরোতে পারলে প্রথম বিশ্বকাপ জয়ও নয় কেন!
নিউ জিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, লুক রঙ্কি (উইকেটরক্ষক), টিম সাউদি, রস টেলর, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন।
বিশ্বকাপ রেকর্ড:
১৯৭৫: সেমি-ফাইনাল
১৯৭৯: সেমি-ফাইনাল
১৯৮৩: গ্রুপ পর্ব
১৯৮৭: গ্রুপ পর্ব
১৯৯২: সেমি-ফাইনাল
১৯৯৬: কোয়ার্টার-ফাইনাল
১৯৯৯: সেমি-ফাইনাল
২০০৩: সুপার সিক্স
২০০৭: সেমি-ফাইনাল
২০১১: সেমি-ফাইনাল
বিশ্বকাপ সূচি:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৪ ফেব্রুয়ারি | শ্রীলঙ্কা | ক্রাইস্টচার্চ |
১৭ ফেব্রুয়ারি | স্কটল্যান্ড | ডানেডিন |
২০ ফেব্রুয়ারি | ইংল্যান্ড | ওয়েলিংটন |
২৮ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া | অকল্যান্ড |
৮ মার্চ | আফগানিস্তান | নেপিয়ার |
১৩ মার্চ | বাংলাদেশ | হ্যামিল্টন |
