নিউ জিল্যান্ডের একজন রনকিও আছেন
লুক রনকি সাধারণত সাত নম্বরে ব্যাট করতে নামেন। এই সাতে নেমেই কখনো পথ হারানো ইনিংস গঠন করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তিনি, কখনো আবার শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দেন। এই সামর্থ্যের কারণেই নিউ জিল্যান্ডের অন্যতম ভরসার নাম তিনি।
নিজের দিনে যেকোনো প্রতিপক্ষকে ব্যাট হাতে তছনছ করে দিতে পারেন রনকি। বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের অভিযানে নামতে যাওয়া নিউ জিল্যান্ডের জন্য রনকি তাই এক বড় পাওয়া।
নিউ জিল্যান্ডের ইনিংস উদ্বোধন করবেন মারকুটে ব্রেন্ডন ম্যাককালাম। তিন নম্বরে নামবেন কেন উইলিয়ামসন। এরপর আছেন রস টেইলর। কোনো ম্যাচে এই তিনজনের অন্তত একজনও জ্বলে উঠতে পারেননি, সম্প্রতি এমন ঘটনা ঘটেনি।
কোনো একদিন যদি এক সঙ্গে ম্যাককালাম, উইলিয়ামসন আর টেইলরের বাজে দিন যায়, সেদিনও নিউ জিল্যান্ডের কোনো সমস্যা হবে না। কারণ, নিউ জিল্যান্ডের যে আছেন একজন রনকি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডানেডিনের ম্যাচে রনকির রেকর্ড গড়া ইনিংসটি এর একটি উদাহরণ। ৯৯ বলে অপরাজিত ১৭০ রান করেন রনকি। ওয়ানডে ক্রিকেটে ৭ নম্বর ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রান। সেদিন গ্র্যান্ট এলিয়টের সঙ্গে ২৬৭ রানের জুটি গড়ে বিপদে পড়া দলকে জেতাতে সাহায্য করেন তিনি।
বিশ্বকাপে কি এই রনকিকেই দেখতে পাবে ক্রিকেট বিশ্ব? রনকি জানান, দলের প্রয়োজন অনুযায়ীই খেলবেন তিনি।
“সবকিছু ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। আমি যতটা ভালোভাবে পারি সেভাবে ইনিংস শেষ করাই আমার কাজ। কিন্তু দ্রুত উইকেট হারালে, আমি শুধু ব্যাট করতে যাব।”
২০১১ সালে অস্ট্রেলিয়া থেকে নিজের জন্মভূমি নিউ জিল্যান্ডে ফেরেন। সেই থেকেই নিউ জিল্যান্ড তার ওয়ানডে দলে সাফল্যের জন্য উন্মুখ হয়ে পড়ে।
তাসমান সাগর পাড়ি দিয়ে ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন রনকি। সেখানেই ক্রিকেট খেলতে শুরু করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের হয়ে ওয়ানডে অভিষেক হয় তার।
ওয়ানডে ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং রনকি করতে শুরু করেন সেই গোড়া থেকেই। ২০০৮ সালে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে ২২ বলে অর্ধশতক করে ভবিষ্যৎ একজন তারকার আগমনী ঘোষণা করেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও বলার মতো বেশ কিছু ইনিংস আছে তার।
মাঝে কিছুদিন রনকির ব্যাটে রান-খরা ছিল। ২০১৩ সাল বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে অবশ্য রান পাওয়ার কারণ হিসেবে অনেকেই তার পজিশন বদলকে দায়ী করেন। দবে সম্প্রতি আবার নিজের আসল রূপে ফেরেন রনকি।
বিশ্বকাপের আগে রনকির আসল রূপে ফেরাটা নিউ জিল্যান্ডের প্রতিপক্ষদের জন্য বড় এক বিপদ-সংকেতই।
