উইন্ডিজকে কাঁপিয়ে দিয়ে হারল স্কটল্যান্ড
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েও কোনোমতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের একদম কাছে গিয়েও মাত্র ৩ রানে হেরেছে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ স্কটল্যান্ড।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩১৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ৩১০ রান তোলে স্কটল্যান্ড।
ক্যালাম ম্যাকলয়েডের সঙ্গে কাইল কোয়েটজারের ৭৫ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় স্কটল্যান্ডকে। চতুর্থ উইকেটে ফ্রেডি কোলম্যানের সঙ্গে ৬০ রানের আরেকটি জুটি গড়েন তিনি।
নিকিতা মিলারের শিকারে পরিণত হওয়ার আগে ৯৬ রান করেন কোয়েটজার। তার ১০৬ বলের ইনিংসটি সাজানো ১৪টি চারে।
২১৪ রানে পাঁচ উইকেট হারানো স্কটল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন রিচি ব্যারিংটন ও ম্যাথিউ ক্রস। মাত্র ৫৪ বলে ৮৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।
৪৮তম ওভারের শেষ বলে ক্রসকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফেরান কেমার রোচ। জয়ের জন্য শেষ দুই ওভারে ১৪ রান প্রয়োজন ছিল স্কটল্যান্ডের, হাতে ছিল ৪ উইকেট।
আন্দ্রে রাসেলের করা ৪৯তম ওভারে মাত্র দুই রান তুলতে দুই উইকেট হারালে কাজটা কঠিন হয়ে যায় স্কটল্যান্ডের। রান আউট হয়ে যান ৪৪ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা ব্যারিংটন। রব টেইলর ক্যাচ দেন হোল্ডারকে।
রোচের করা শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল স্কটল্যান্ডের। এই ওভারে ৮ রানের বেশি তুলতে না পারায় ৩ রানে হারতে হয় তাদের।
ওয়েস্ট ইন্ডিজের রাসেল, সুলেমান বেন ও রোচ দুটি করে উইকেট নেন।
এর আগে ডোয়াইন স্মিথের ৪৫ রানের পরও ৫৯ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের।
তবে চতুর্থ উইকেটে ড্যারেন ব্র্যাভোর (৪৩) সঙ্গে ৭৫ ও লেন্ডল সিমন্সের সঙ্গে ১১৭ রানের দুটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান দিনেশ রামদিন।
সর্বোচ্চ ৮৮ রান করা রামদিনের ৮৬ বলের ইনিংসটি গড়া ৬টি চার ও ১টি ছক্কায়। ১ রানের ব্যবধানে সিমন্স (৫৫) ও রামদিনের বিদায়ে অস্বস্তিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
সেখান থেকে দলের সংগ্রহ তিনশ’ পার হয় দুই অলরাউন্ডার ড্যারেন স্যামি (১৭ বলে ৩৬) ও রাসেলের (১৪ বলে ২৪) ঝড়ো ব্যাটিংয়ে।
স্কটল্যান্ডের অ্যালাসডার ইভান্স ৩ উইকেট নেন ৬৩ রানে। এছাড়া জস ডেভি ৫৫ রানে নেন ২ উইকেট।
এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে ওয়েস্ট ইন্ডিজ। আর স্কটল্যান্ড জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে
আগামী সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। পরদিন নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
