বড় হারেও বিচলিত নয় দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলেও বিচলিত নন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি।
বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বিশ্বকাপের সহ-আয়োজকের কাছে ১৩৪ রানে হারে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ডের তোলা ৩৩১ রানের জবাবে ১৯৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান তোলেন ডুমিনি।
নিজ জিল্যান্ডের বোলারদের বিপক্ষে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৪.২ ওভারে অলআউট হয়ে যায় তারা। এ প্রসঙ্গে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ডুমিনি বলেন, “ফল নিয়ে আমরা খুব বেশি বিচলিত নই”
“সবাই এ ম্যাচ থেকে কিছু পেয়েছে। অবশ্যই জয় পেলে ভালো হতো কিন্তু আমরা যেখানে আছি, তাতে খুশি”, যোগ করেন তিনি।
ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে সপ্তম উইকেটে ভার্নন ফিল্যান্ডারের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন দুমিনি। কিন্তু প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপের নিচের দিকে আর কারো রান না পাওয়াটা একটু হলেও ভাবাচ্ছে ডুমিনিকে।
“আমরা দেখেছি, ব্যাটিং লাইনআপের ৭, ৮, ৯ ও ১০ নম্বরটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা মিডল অর্ডারে জোটবদ্ধ হয়ে কিছু রান পাওয়া আমাদের জন্য ভালো।”
আগামী রো্ববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
