মাসাকাদজার শতকে জিম্বাবুয়ের শ্রীলঙ্কা জয়
বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে শ্রীলঙ্কা। হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত শতকে গত দুই বিশ্বকাপের ফাইনালে খেলা দলটিকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।
বুধবার বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
৩৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছিল জিম্বাবুয়ে। কিন্তু তৃতীয় উইকেটে ব্রেন্ডন টেইলরের (৬৩) সঙ্গে ১২৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন মাসাকাদজা।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে শন উইলিয়ামসের সঙ্গে ১১৯ রানের আরেকটি চমৎকার জুটি গড়ে দলকে জয় এনে দেন প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার অপেক্ষায় থাকা মাসাকাদজা। ১১৯ বলে খেলা তার অপরাজিত ১১৭ রানের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।
উইলিয়ামস অপরাজিত থাকেন ৫১ রানে। তার ৪৬ বলের ইনিংসটিতে ৭টি চার রয়েছে।
এর আগে ৮৫ রানে লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের বিদায়ে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। তবে দিমুথ করুনারত্নে ও জিবন মেন্ডিসের দৃঢ়তায় পৌনে তিনশ’ রানের কাছাকাছি যায় দলটির সংগ্রহ।
সর্বোচ্চ ৫৮ রান করেন করুনারত্নে। তার ৭১ বলের ইনিংসটি সাজানো তিনটি চারে। ৫১ বলে ৫১ রানের কার্যকর ইনিংস খেলেন অলরাউন্ডার মেন্ডিস। তার ইনিংসটি ৪টি চারে গড়া।
এই ম্যাচে ব্যাট করেননি শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার উইলিয়ামস।
