২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত: ফেভারিট নয় শিরোপাধারীরা

পরম প্রার্থিত বিশ্বকাপ জয়ের আনন্দ নিয়ে অবসরে এখন শচীন টেন্ডুলকার। সেবারের ম্যান অব দ্য টুর্নামেন্ট যুবরাজ সিংয়ের জায়গা নেই জাতীয় দলে। টেন্ডুলকারের ওপেনিং পার্টনার বীরেন্দর শেবাগ কিংবা ফাইনালে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলা গৌতম গম্ভীর বিস্মৃতির অতলে। জহির খান, হরভজন সিংরাও নেই হিসেবে। ‘কপিলস ডেভিলস’-এর পদাঙ্ক অনুসরণে ২০১১ বিশ্বকাপ জিতেছিল যে ভারতীয় দল, এবারের স্কোয়াডে তার প্রতিচ্ছবি যে সামান্যই!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 07:48 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

চার বছর আগের কীর্তির পুনরাবৃত্তি করাটা তাই সহজ হবে না মহেন্দ্র সিং ধোনির দলের।

২০১৫ বিশ্বকাপ আবহে সংশয়াতীত ফেভারিট হিসেবে ভারতের নাম নেই সেভাবে। কারণ শুধু ২০১১-র বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিকাংশ সদস্যের ঝরে যাওয়া নয়। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ ভেন্যুও।

অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। এর আগে সর্বশেষ যে ওয়ানডে খেলেছে তারা, সেটিও ত্রিদেশীয় টুর্নামেন্টে। সেখানেও ফাইনালে উঠতে ব্যর্থ উপমহাদেশের দলটি। নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজটি ছিল স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক। গত বছরের জানুয়ারির সেই সিরিজের পাঁচ ওয়ানডের একটিও জিততে পারেনি ভারত। সেই তারা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ জিতে যাবে- এই আশাটা আপাতদৃষ্টিতে বাড়াবাড়িই ঠেকছে। যে কারণে ফেভারিটদের তালিকায় ওপরের দিকে নেই ভারতের নাম।

আসলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বারবার বন্ধুতার হাত বাড়িয়ে দেয় পেসার দিকে। বোলিং বিভাগের যে জায়গায় ভারতের দুর্বলতা চিরকালীন। স্পিনারনির্ভর বোলিং লাইনআপ তাই ব্রিসবেন-পার্থ-নেলসন-ওয়েলিংটনের উইকেটে ধুঁকবেই। ধোনির দলের চ্যালেঞ্জ আছে আরেক জায়গাতেও। গত এক বছর ধরে বিরতিহীন ক্রিকেট খেলে চলেছে তারা। যদি বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত যেতে পারে তারা, তাহলে ভারতীয় দলের বেশিরভাগ সদস্যের বাড়ির বাইরে থাকার সময়টা হবে ১৪৪ দিনের! টেস্ট সিরিজ, ত্রিদেশীয় টুর্নামেন্ট ও বিশ্বকাপ প্রস্তুতি ও বিশ্বকাপের ম্যাচ মিলিয়ে এত দীর্ঘ সময়। ‘হোম সিকনেস’ ঝেড়ে পারফর্ম করাটাও তাই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ।

ট্রফি ধরে রাখার জন্য নির্বাচকরা ১৫ সসদ্যের যে দল ঘোষণা করেছেন, তাতে তারুণ্যের নিশান উড়ছে পতপত করে। শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মারা রয়েছেন ব্যাটিংয়ের ভরসা হয়ে। সবচেয়ে বড় ভরসা অবশ্য বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় এর আগের সফলে অ্যাডিলেইড টেস্টে সেঞ্চুরি করে এবং হোবার্টের ওয়ানডেতে ৮৬ বলে ১৩৩ রানের ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে রানের ফল্গুধারা ছোটাচ্ছেন তিনি অনেক দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও করেছেন তিনটি শতক। তবে সর্বশেষ চার ওয়ানডেতে দুই অঙ্কে পৌঁছতে না পারাটা নিশ্চয়ই ভাবাবে কোহলিকে। দারুণ ফিল্ডিং, অফ স্পিন বোলিং আর ব্যাটিংয়ে কার্যকারী ব্যাটিংয়ে অধিনায়কের বড় আস্থা সুরেশ রায়না। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ম্যান অব দ্য সিরিজ হয়ে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। অধিনায়কের আরেক পছন্দের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। গত বিশ্বকাপের পর থেকে ধরলে ভারতের সফলতম ওয়ানডে বোলার তিনি। বাঁহাতি স্পিনের পাশাপাশি চটপটে ফিল্ডিং ও ঝড়ো ব্যাটিং মিলিয়ে এই ফরম্যাটের ক্রিকেটের আদর্শ খেলোয়াড় জাদেজা।

ধোনির দুশ্চিন্তার জায়গাজুড়ে বোলিং। ইশান্ত শর্মা, স্টুয়ার্ট বিনি, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমারের পেস বোলিং আক্রমণ প্রতিপক্ষের জন্য ‘লোভনীয়’ হওয়ার কথা। রবিচন্দ্রন আশ্বিনের অফ স্পিনই-বা কতটা কী করতে পারবে! তরুণ দল এবং তরুণতর বোলিং আক্রমণকে কিভাবে পরিচালনা করেন ধোনি, ভারতের সাফল্য অনেকাংশ নির্ভর করবে এর ওপর।

চূড়ান্ত সাফল্যের সঙ্গে ভারতীয়দের প্রথম পরিচয় ১৯৮৩ বিশ্বকাপে। এর আগ পর্যন্ত ওয়ানডেতে এলেবেলে দল হিসেবেই বিবেচিত ছিল তারা। ১৯৮৩ সালের ২৫ জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট-রূপকথা লেখে কপিল দেবের দল। সেই কীর্তির পুনরাবৃত্তি ২০১১ সালে। ফাইনালে ওঠে আরেকবার- ২০০৩ সালে। ঘরের মাঠের অন্য দুই আসরে ১৯৮৭ ও ১৯৯৬ সালে সেমি-ফাইনাল থেকে নেয় বিদায়। আর ১৯৯২, ১৯৯৯ ও ২০০৭ সালের বাকি যে তিনটি বিশ্বকাপ, সেগুলো ভারতের জন্য বিস্মরণযোগ্য।

এবারও কি মঞ্চস্থ হবে বিস্মরণযোগ্য কিছু? নাকি অবিস্মরণীয় সাফল্যের জোয়ারে আবার ভাসবে ধোনির দল? ভারতের বিশ্বকাপ আবহে আশঙ্কার পাল্লাটাই ভারী। কিন্তু খেলাটি যখন ক্রিকেট, তখন সম্ভাবনার পালে হাওয়া লাগতেই-বা কতক্ষণ!

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট বিনি, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মোহিত শর্মা, রোহিত শর্মা, উমেশ যাদব।

বিশ্বকাপ রেকর্ড

১৯৭৫ : গ্রুপ পর্ব

১৯৭৯ : গ্রুপ পর্ব

১৯৮৩ : চ্যাম্পিয়ন

১৯৮৭ : সেমি-ফাইনাল

১৯৯২ : গ্রুপ পর্ব

১৯৯৬ : সেমি-ফাইনাল

১৯৯৯ : সুপার সিক্স

২০০৩ : রানার্সআপ

২০০৭ : গ্রুপ পর্ব

২০১১ : চ্যাম্পিয়ন

বিশ্বকাপ-সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

১৫ ফেব্রুয়ারি

পাকিস্তান

অ্যাডিলেইড

২২ ফেব্রুয়ারি

দক্ষিণ আফ্রিকা

মেলবোর্ন

২৮ ফেব্রুয়ারি

সংযুক্ত আরব আমিরাত

পার্থ

৬ মার্চ

ওয়েস্ট ইন্ডিজ

পার্থ

১০ মার্চ

আয়ারল্যান্ড

হ্যামিল্টন

১৪ মার্চ

জিম্বাবুয়ে

অকল্যান্ড