বাংলাদেশের বিপক্ষে উন্নতির আশা নবির
ভারতের বিপক্ষে পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পেরেই খুশি মোহাম্মদ নবি। আফগানিস্তানের অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে দলের খেলায় ধারাবাহিকতা দেখতে চান তিনি।
ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শেষে নবি বলেন, “ব্যাটিং ও বোলিংয়ে আমাদের শুরুটা ভালো হয়েছিল। আমাদের পুরো পঞ্চাশ ওভার ধারাবাহিক পারফর্ম করতে হবে। আশা করি, পরের ম্যাচে উন্নতি করবো। আমরা শিখবো কিভাবে ব্যাটিংয়ে উন্নতি করা যায়। আশা করি, বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচে আরো ভালো করবো।”
১৮ ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তানের। তার আগে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে তারা।
টস হেরে বল করতে নেমে দুই পেসার হামিদ হাসান ও দৌলদ জাদরানের তোপে ১৬ রানে ভারতের দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছিল আফগানিস্তান। এই দুই বোলারের প্রশংসা করে নবি বলেন, “প্রথম আট ওভারে আমাদের শুরুটা ভালো ছিল। হামিদ ও দৌলত দুইজনই আক্রমণাত্মক বোলার।”
শুরুর ধাক্কা সামলে রোহিত শর্মার শতক এবং সুরেশ রায়না ও অজিঙ্কা রাহানের দুটি অর্ধশতকে ৫ উইকেটে ৩৬৪ রানের বড় সংগ্রহ গড়ে ভারত।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় আফগানিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৩ রান। সেখান থেকে ৮ উইকেটে ২১১ রানে থেমে যায় তাদের ইনিংস।
“ব্যাটিংয়ে আমাদের শুরুটা ভালো হয়েছিল। ২০ ওভার ভালো করেছিলাম। এরপর রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা ভালো বল করে আমাদের চাপে ফেলে। তবে এরপরও আমরা ৫০ ওভার ব্যাট করতে পেরেছি আর বিশ্বকাপের জন্য এটা ভালো প্রস্তুতি।”
