২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান ও আয়ারল্যান্ডের জন্য সুখবর নেই

২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ায় কাগজে-কলমে সুযোগ পেলেও আফগানিস্তান ও আয়ারল্যান্ডের জন্য তেমন কোনো সুখবর নেই। যে সময়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের শীর্ষ আটটি দল নির্বাচন করা হবে, তার আগে এ দুটি দলকে বেশি ম্যাচ খেলার নিশ্চয়তা দিতে পারছে না আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 06:23 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

বিশ্বকাপে খেলতে আফগানিস্তান ও আয়ারল্যান্ডও বাধা বাংলাদেশের

আগামী বিশ্বকাপে দলের সংখ্যা কমিয়ে ১০টি করা হবে। আর এ কারণে সহযোগী চারটি দেশের দুটি হিসেবে ২০১৫ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ডের জন্য পরের বার খেলা কঠিন হবে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল সরাসরি আগামী বিশ্বকাপে খেলবে। বাকি দুটি দল বিশ্বকাপে খেলতে পারবে ২০১৮ সালে বাংলাদেশে হওয়া বাছাইপর্ব উতরালে।

বর্তমানে আফগানিস্তান র‌্যাঙ্কিংয়ে একাদশ ও আয়ারল্যান্ড দ্বাদশ স্থানে আছে। তবে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের তাদের পার্থক্য অনেক। তাই বেশি বেশি ম্যাচ খেলতে না পারলে ওই দুটি দেশ র‌্যাঙ্কিংয়ে এগুনোর সুযোগ পাবে না।

সরাসরি বিশ্বকাপ খেলার আশায় আয়ারল্যান্ড বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলার দাবি করে। আইসিসি থেকে অবশ্য বলা হয়েছিল, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের আগে সহযোগী দেশগুলোকে মৌসুমে ১০টি করে ম্যাচ খেলার সুযোগ দেযার চেষ্টা করা হবে।

এখন অবশ্য আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড রিচার্ডসন অন্য কথা বললেন।

"তাদের জন্য ম্যাচের নিশ্চয়তা দেয়া কঠিন।"

তবে সহযোগী সদস্যগুলোকে বেশি ম্যাচ দেয়া উচিৎ বলেই মনে করেন তিনি। আর এ ব্যাপারে পূর্ণ সদস্য দেশগুলো সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবে বলেই বিশ্বাস তার।