২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ: অগোছালো দলে ভরসা ব্যক্তিগত নৈপুণ্য

প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। তৃতীয় বিশ্বকাপেও যে মুকুট ওঠেনি তাদের মাথায়, এটি টুর্নামেন্টের ইতিহাসেরই অন্যতম অঘটন হিসেবে বিবেচিত। ক্যারিবিয়ানদের কাছে সেসব এখন কত আগের স্মৃতি বলেই না বিভ্রম হয়!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

গত শতকের সত্তর-আশির দশকে ক্রিকেট সাম্রাজ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের একক অধিকারে। সেই পরাশক্তি এখন প্রায় ‘পুঁচকে’ শক্তিতে পরিণত। এই যে ২০১৫ বিশ্বকাপ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের শিরোপাজয়ে বাজি ধরার কেউ নেই। কোনোমতে প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারলেই বরং স্বস্তি।

মাত্র তিন দশকের ব্যবধানে কিভাবেই না রং বদলে গেল ক্যারিবিয়ান সাম্রাজ্যের!

বহু বছর ধরেই ঝামেলার সঙ্গে নিত্য বসতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। ২০১২ সালের আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি২০ জয় উজ্জ্বল ব্যতিক্রমমাত্র। ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দেনাপাওনা সংক্রান্ত ঝামেলার খবর শিরোনামে আসে প্রায়শ। ওই চুক্তি নিয়ে মতানৈক্যের কারণে ভারত সফরের মাঝপথ থেকে দেশে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ দল। ঘোলাটে পরিস্থিতিকে যা আরো ঘোলাটেই করেছে কেবল।

ক্যারিবিয়ান ক্রিকেট প্রশাসকদের ওই বিব্রতকর অবস্থায় ফেলার জের টানছে বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল। যে দলে ঠাঁই হয়নি ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডদের। সীমিত ওভারের ক্রিকেটের দারুণ কার্যকর দুই অলরাউন্ডার বাদ পড়েছেন ওই বোর্ড-ক্রিকেটার ঝামেলার জেরেই। সেটি যে আবার ক্রিকেটারদের পছন্দ হয়নি, ক্রিস গেইল খোলাখুশি বলেছেন তা। এই নানামুখী অসন্তোষের অবধারিত প্রতিক্রিয়ায় বিশ্বকাপে বিস্ফোরণ তাই ঘটতে পারে ক্যারিবিয়ান ক্যাম্পে।

দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন ব্রাভো। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ২৩ বছরের অলরাউন্ডার জেসন হোল্ডারকে। অধিনায়ক হওয়ার আগে যার অভিজ্ঞতার ভাণ্ডারে মোটে ২১ ওয়ানডের সম্বল। অন্তর্কোন্দলে বিপর্যস্ত ভাঙাচোরা মনোবলের ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেওয়াটা তাই সহজ হবে না তার জন্য। তাদের নিয়ে ভালো ফল বের করে আনা আরো কঠিন।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন আট। র‌্যাঙ্কিংয়ে তাদের ওপরে থাকা দলের বিপক্ষে ক্যারিবিয়ানরা এখন জেতে কালে-ভদ্রে। বিশ্বকাপে তাই তাদের 'ফেভারিট' ভাবার সুযোগ নেই। দল হিসেবে গাঁথুনিরা নড়বড়ে হলে কী হবে, ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো বেশ কিছু ক্রিকেটার এখনো রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। যা কিছু ভরসা, সেটি সেখানেই।

সবচেয়ে বিস্ফোরক হয়ে ওঠার সামর্থ্য রাখেন ক্রিস গেইল। টি-টোয়েন্টি ফরম্যাটের পোস্টারবয় তিনি, ওয়ানডেতেও সমান কার্যকর। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তার ২১ শতক। অবশ্য তিন বিশ্বকাপ খেলে সেখানে একটি মোটে সেঞ্চুরি গেইলের, সেটিও কেনিয়ার বিপক্ষে। নিজের শেষ বিশ্বকাপে সামর্থ্যটা নিশ্চয়ই নিংড়ে দেবেন এই বাঁহাতি ওপেনার। অবশ্য পিঠের চোটের কারণে কতটা সুস্থ অবস্থায় অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে খেলতে পারবেন, সে প্রশ্ন থাকছেই।

দলের আরেক ভরসা মারলন স্যামুয়েলস। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল যার। এমনিতে ধ্রুপদী ব্যাটসম্যান তবে ধারাবাকিতার অভাব তার চিরকালের। যে কারণে গত বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদও পড়েছিলেন। ফিরলেন ভারতের বিপক্ষে সিরিজে। এরপর তিন ম্যাচে দুই সেঞ্চুরি। এই তুখোড় ফর্মের স্যামুয়েলসকে খুব করে চাই ক্যারিবিয়ানদের। যেমনভাবে চাই নেতৃত্বের দায়িত্বে জেসন হোল্ডারের সেরাটা বের হয়ে আসা এবং দলের সেরাটা বের করে আনার ক্ষমতা। উচ্চতা তার কিংবদন্তি ফাস্ট বোলার জোয়াল গার্নারের কাছাকাছি, ছয় ফুট সাত ইঞ্চি। তবে পূর্বসূরির অর্জনের আলোকবর্ষ দূরে এখনো তিনি। অধিনায়কত্ব পেয়েছেন হঠাৎ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটিই ছিল কেবল বিশ্বকাপের আগে অধিনায়ক হোল্ডারের প্রস্তুতিপর্ব। পেস বোলিং ও লোয়ার অর্ডার ব্যাটিং অলরাউন্ড সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের প্রমাণও দিতে হবে তাকে।

বোলিং বিভাগে হোল্ডার ছাড়াও কেমার রোচ, জেরম টেলররা রয়েছেন। তবে এখানে তারা বড় বেশি 'মিস' করবে সুনিল নারাইনকে। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশন শুদ্ধ করার জন্য বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তার জায়গায় আসা নিকিতা মিলার সেই শূণ্যতা পূরণ করতে পারবেন না কোনোভাবেই। তবে ড্যারেন সামি, আন্দ্রে রাসেলের মতো কিছু অলরাউন্ডার রয়েছেন, যারা নিজেদের দিনে পারে অসম্ভব সাধন করতে। কিছু দিন আগে ৪০ বলে ৬৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে যেমন এক উইকেটে জিতিয়েছে রাসেল।

এই ব্যক্তিগত পারফরম্যান্সই বিশ্বকাপে ভরসা ক্যারিবিয়ানদের। অনিশ্চিত ক্রিকেট চরিত্রের কারণে তাদের বিপক্ষে নিরাপদ নয় কোনো দল। ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার গ্রুপসঙ্গী হয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার-ফাইনালে উত্তরণ তাই নূন্যতম চাহিদা। আর ততদিনে যদি ছন্দে আসে আসে, তখন যে কোন কিছুই তো সম্ভব। বছর দুয়েক আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় যার বড় প্রমাণ।

সেই অর্জনের ধারে-কাছে যেতে হলেও বহু দূরের পথ পাড়ি দিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ইতিহাসের প্রথম ভাগ থেকে প্রেরণা নিয়ে পরাজিত করতে হবে দ্বিতীয় ভাগকে। প্রথম তিন বিশ্বকাপের ফাইনালিস্ট ক্যারিবিয়ানরা যে ১৯৯৬ বিশ্বকাপের পর আর সেমি-ফাইনালেই উঠতে পারেনি। সর্বশেষ তিন বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলের বিপক্ষে জিতেছে তারা মোটে দুই ম্যাচ। জেসন হোল্ডারের দলের সামনে তাই চ্যালেঞ্জটা হিমালয় টপকানোর।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস (সহঅধিনায়ক), সুলিমান বেন, ড্যারেন ব্রাভো, হোনাথন কার্টার, শেলডন কট্রেল, ক্রিস গেইল, নিকিতা মিলার, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, জেরম টেলর।

বিশ্বকাপ রেকর্ড:

১৯৭৫: চ্যাম্পিয়ন

১৯৭৯: চ্যাম্পিয়ন

১৯৮৩: রানার্সআপ

১৯৮৭: গ্রুপ পর্ব

১৯৯২: গ্রুপ পর্ব

১৯৯৬: সেমি-ফাইনাল

১৯৯৯: গ্রুপ পর্ব

২০০৩: গ্রুপ পর্ব

২০০৭: সুপার এইট

২০১১: কোয়ার্টার-ফাইনাল

বিশ্বকাপ সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

১৬ ফেব্রুয়ারি

আয়ারল্যান্ড

নেলসন

২১ ফেব্রুয়ারি

পাকিস্তান

ক্রাইস্টচার্চ

২৪ ফেব্রুয়ারি

জিম্বাবুয়ে

ক্যানবেরা

২৭ ফেব্রুয়ারি

দক্ষিণ আফ্রিকা

সিডনি

৬ মার্চ

ভারত

পার্থ

১৫ মার্চ

সংযুক্ত আরব আমিরাত

নেপিয়ার