২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাত: ভিনদেশিদের নিয়ে সাফল্যের আশা

এর আগে তাদের বিশ্বকাপ অংশগ্রহণ একবারই। ১৯৯৬ সালের সেই অভিষেকে সংযুক্ত আরব আমিরাত দলে সে দেশে জন্ম নেওয়া ক্রিকেটারও ছিলেন একজন- অধিনায়ক সুলতান জারাওয়ানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 11:21 AM

Updated : 25 Apr 2022, 01:00 PM

১৯ বছর পর বিশ্বকাপে দ্বিতীয় অংশগ্রহণের সময় চিত্র আর বদলেছে কই! এবারের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে সংযুক্ত আরব আমিরাতে জন্ম নেওয়া ক্রিকেটারের সংখ্যা দুই- অধিনায়ক মোহাম্মদ তৌকির এবং ফাহাদ আলহাশমি।

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট দল বরাবরই এমন। জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে আসা ভারতীয়-পাকিস্তানিদের নাগরিকত্ব দিয়ে তৈরি হয় দল। সেখানে শৌখিনদের ভিড় থাকাটাই স্বাভাবিক। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে এবারের বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায় তারা। এরপর আমিরাত ক্রিকেট বোর্ড কিছু খেলোয়াড়কে চুক্তির আওতায় এনেছেন ঠিক। তবে তারপরও সেটি পেশাদারিত্বের ধারে-কাছে না। এমনকি বিশ্বকাপে নাম লেখানো আইসিসির অন্য তিন সহযোগী সদস্য আয়ারল্যান্ড-স্কটল্যান্ড-আফগানিস্তানের ক্রিকেটারদের আধা-পেশাদারিত্বও নেই আরব রাষ্ট্রটির ক্রিকেটারদের ভেতর।

এমন এক দল নিয়ে বিশ্বকাপে কত ভালোর আশাই-বা করা যায়? কিছু প্রতিদ্বন্দ্বিতার আভাস পর্যন্তই তো! আর সঙ্গে যদি কোনো এক দলকে হারানো যায়, সেটি হবে বড় অঘটন।

সংযুক্ত আরব আমিরাত দলের শৌখিন ক্রিকেটারের প্রতিচ্ছবি দেখা যায় সহ-অধিনায়ক খুররাম খানকে ধরলেই। এমনিতে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট পার্সার হিসেবে কাজ করেন তিনি। যখন ফ্লাইটের ব্যস্ততা থাকে না, মেতে ওঠেন ক্রিকেট নিয়ে। তাতেই দলের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান খুররাম!

২০০৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বও ছিল তাঁর কাছে। গত মাসে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় খুররামকে নেতৃত্ব থেকে সরিয়ে অধিনায়ক করা হয় দুবাইয়ে জন্ম নেওয়া মোহাম্মদ তৌকিরকে। কারণ হিসেবে আমিরাত ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছিল, ‘আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আমিরাতীদের নেতৃত্বগুণ ও খেলোয়াড়ী দক্ষতা প্রকাশের সুযোগ এটি। একইসঙ্গে আমিরাতের সমাজে ক্রিকেটের অবস্থান উন্নয়নে বড় ভূমিকা রাখবে তা।’ প্রথম একাদশে সুযোগ পেতে হিমসিম খাওয়া ৪৩ বছরের অফস্পিনার তৌকির তাই বিশ্বকাপে থাকছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক। শুধু সেই দেশে জন্ম নেওয়ার সৌজন্যে!

তৌকিরকে অধিনায়ক করার উদ্দেশ্যটা হয়তো মহৎ। কিন্তু সংযুক্ত আরব আমিরাত দলের স্থিতি সেটি নাড়িয়ে দেয় কিনা, বিশ্বকাপে সেটিই দেখার বিষয়। চমকে দেওয়ার মতো দল হয়তো তারা না। তবে ব্যক্তিগত ক্যারিশমায় কিছু ক্রিকেটার চমক জাগাতে পারেন বিশ্বকাপে। খুররাম খানের কথা তো বলা হয়েছে আগেই। গত বছর নিউ জিল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ রান ছিল তাঁর। ৭২.৬২ গড়ে ৫৮১ রান করেছিলেন খুররাম। নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে জয়ে অপরাজিত ১৩২ রান এসেছিলেন তার ব্যাট থেকে। ৪৩ বছর ১৬২ দিন বয়সে সেঞ্চুরি করে ওয়ানডেতে সবচেয়ে বর্ষীয়ান সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লিখিয়েছেন খুররাম। সর্বশেষ ছয়টি লিস্ট-এ ম্যাচে পাঁচটি পঞ্চাশোর্ধ ইনিংস তাঁর। তুখোড় ফর্ম নিয়েই বিশ্বকাপে এসেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

খুররামকে মিডল অর্ডারে সাহায্য করার জন্য আছে স্বপ্নিল পাতিল। বিশ্বকাপ বাছাইপর্বে তিনি ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ফাইনালে স্কটল্যান্ডের কাছে হারলেও পাতিলের অপরাজিত ৯৯ রান প্রশংসা কুড়িয়েছে সবার। ব্যাটিংয়ের আরেক ভরসা শাইমান আনোয়ার। ওই বাছাইপর্বে খুররামের পাশাপাশি দলের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি। এর আগের ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে ৬২৫ রান করেছিলেন ৫২.০৮ গড়ে।

বোঝাই যাচ্ছে যে, সংযুক্ত আরব আমিরাতের মূল শক্তি ব্যাটিং। প্রতিপক্ষ হিসেবে তারা যেহেতু অচেনা, এ কারণে পরাশক্তিদের চমকে দেওয়ার অবকাশ রয়েছে যথেষ্ট। ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা ক্ষীণ। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে জোর চেষ্টা করতে পারে তারা।

১৯৯৬ সালে বিশ্বকাপ অভিষেকে নেদারল্যান্ডসকে হারিয়েছিল তারা। দ্বিতীয় জয়টি কি এবার পাবে সংযুক্ত আরব আমিরাত?

সংযুক্ত আরব আমিরাত দল: মোহাম্মদ তৌকির (অধিনায়ক), ফাহাদ আলহাশমি, আমজাদ আলি, শাইমান আনোয়ার, নাসির আজিজ, আন্দ্রি বেরেঙ্গার, কৃষ্ণা চন্দ্রন, মানজুলা গুরুগে, সাকলাইন হায়দার (উইকেটরক্ষক), আমজাদ জাভেদ, খুররাম খান, রোহান মুস্তাফা, মোহাম্মদ নাভিদ, স্বপ্নিল পাতিল (উইকেটরক্ষক), কামরান শাহজাদ।

বিশ্বকাপ রেকর্ড:

১৯৯৬: গ্রুপ পর্বে বিদায়

১৯৯৯: বাছাইপর্ব পেরোতে ব্যর্থ

২০০৩: বাছাইপর্ব পেরোতে ব্যর্থ

২০০৭: বাছাইপর্ব পেরোতে ব্যর্থ

২০১১: বাছাইপর্ব পেরোতে ব্যর্থ

বিশ্বকাপ সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

১৯ ফেব্রুয়ারি

জিম্বাবুয়ে

নেলসন

২৫ ফেব্রুয়ারি

আয়ারল্যান্ড

ব্রিসবেন

২৮ ফেব্রুয়ারি

ভারত

পার্থ

৫ মার্চ

পাকিস্তান

নেপিয়ার

১১ মার্চ

দক্ষিণ আফ্রিকা

ওয়েলিংটন

১৪ মার্চ

ওয়েস্ট ইন্ডিজ

নেপিয়ার