স্কটল্যান্ড: প্রথম জয়ের অপেক্ষা
‘একটা তালি একটা খালি’- স্কটল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ হয়ে পড়ছে এমনই। ১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছে তারা, পরেরবারের বাছাইপর্বে বাদ। ২০০৭ সালে বিশ্বমঞ্চে ওঠার পরেরবার হোঁচট আবার। সেই ধারাবাহিকতার ধারায় ২০১৫ বিশ্বকাপে খেলার যোগ্যতাও যেমন ঠিক অর্জন করে নিয়েছে স্কটল্যান্ড।
তবে বিশ্বকাপে জয়-পরাজয়ের হিসেব ধরলে স্কটিশদের ‘তালি’ বাজানোর নেই কিছু। পুরোটাই খালি। ১৯৯৯ বিশ্বকাপের পাঁচ খেলার পর ২০০৭ সালের তিন- এই আট ম্যাচেই স্কটিশদের প্রাপ্তি পরাজয়। দুঃসহ সেই চক্র ভাঙার অভিযান এবার তাদের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে।
কাজটি সহজ হবে না নিঃসন্দেহে। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড তাদের গ্রুপসঙ্গী। দুই পরাশক্তি ইংল্যান্ড-শ্রীলঙ্কাও। এই চতুষ্টয়ের বিপক্ষে স্কটল্যান্ডের জয়ের আশাটা বাড়াবাড়ি। ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই বিশ্বকাপে পরাজয়ের বৃত্ত ভাঙার জন্য তাদের সবচেয়ে বড় সুযোগ। আর আফগানদের বিপক্ষে জিতলে নেলসনের পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে স্কটল্যান্ড ।
২০১৪ সালের আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি২০-তে খেলার টিকেট পায় যে ৮টি আইসিসি সহযোগী সদস্য, এর মধ্যে ছিল না স্কটল্যান্ড। কোচিং স্টাফে তাই আসে আমূল পরিবর্তন। সাবেক ইংলিশ অলরাউন্ডার পল কলিংউড আসেন কোচিং দলে। আর তাতেই বদলে যায় দলটি। ২০১৫ বিশ্বকাপের বাছাইপর্ব পেরোয় তারা সহজেই। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থেকে আয়ারল্যান্ড ও আফগানিস্তান বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায় আগেই। ২০১৪ সালে নিউ জিল্যান্ডে যে বিশ্বকাপ বাছাইপর্ব হয়, সেখানে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভাগ্যে শিকে ছেঁড়ে স্কটল্যান্ডের।
বিশ্বকাপে স্কটল্যান্ড পড়েছে ‘এ’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ দলগুলো সহজ নয় মোটেও। তবে এই গ্রুপে পড়ার কারণে অন্য একটি সুবিধা হয়েছে তাদের। দুই দেশের ১৪ ভেন্যুতে ছড়িয়ে থাকা বিশ্বকাপেও স্কটল্যান্ডের ভ্রমণক্লান্ত হওয়ার আশঙ্কা নেই। নিজেদের প্রথম চারটি ম্যাচ খেলবে তারা নিউ জিল্যান্ডে, এর মধ্যে দুটি ডানেডিনে। এরপর গ্রুপের শেষ দুটি ম্যাচ অস্ট্রেলিয়ার হোবার্টে। গ্রুপসঙ্গী বাংলাদেশের সঙ্গে তুলনা করলেই স্কটিশদের সুবিধাটা হবে স্পষ্ট। বাংলাদেশের ছয়টি ম্যাচ আলাদা আলাদা ছয় ভেন্যুতে খেলবে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে তাদের ওড়াওড়িও করতে হবে কয়েকবার। অস্ট্রেলিয়ায় প্রথম তিন ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডে চতুর্থ, অস্ট্রেলিয়ায় পঞ্চম ও নিউজিল্যান্ডে ষষ্ঠ ম্যাচ!
স্কটল্যান্ড স্কোয়াডে অর্ধডজন ক্রিকেটারের রয়েছে কাউন্টিতে খেলার অভিজ্ঞতা। অতটা পরিচিত হয়তো নয় তারা, তবে দলের বিশ্বকাপ স্বপ্নে বড় ভরসা তো বটেই। ব্যাটিং লাইন তাদের বড় শক্তির জায়গা; ফিল্ডিংও দুর্দান্ত। আর কিছু ক্রিকেটার রয়েছেন, যাদের পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য প্রশ্নাতীত। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া প্রেস্টন মমসেন যেমন। বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে তাঁর অপরাজিত সেঞ্চুরি জিতিয়েছিল স্কটল্যান্ডকে। সেখানে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ক্যালাম ম্যাক্লাউড কাউন্টি দল ওয়ারউইকশায়ারে ক্যারিয়ার শুরু করেছিলেন সিমার হিসেবে। এখন তিনি রূপান্তরিত বিস্ফোরক টপ অর্ডার ব্যাটসম্যানে। ২০১৪ সালে লিস্ট এ-তে তিনটি সেঞ্চুরি করেছেন ম্যাকলিয়ড। যার মধ্যে রয়েছে কানাডার বিপক্ষে ১৭৫ রানের অসাধারণ ইনিংসও। লিস্টারশায়ারে খেলা রব টেলর দারুণ কার্যকর অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি আছে তাঁর। বাঁহাতি পেস বোলিংয়ে নতুন বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠার সামর্থ্যও রাখেন তিনি।
আগের দুটো বিশ্বকাপে স্কটল্যান্ডের শুরুটাই হয়েছিল অগ্নিপরীক্ষা- অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে। তুলনায় এবারের প্রথম প্রতিপক্ষ কিছুটা সহজ- নিউ জিল্যান্ড। প্রতিবেশী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও জানবাজি রেখে খেলার কথা তাদের। বাংলাদেশের সঙ্গে ১৯৯৯ বিশ্বকাপে জিততে জিততে হেরে যাওয়ার ম্যাচটিও রয়েছে অনুপ্রেরণার জন্য। আর আফগানিস্তানকে হারানোর আশা তো করতে পারে তারা।
২০১৫ বিশ্বকাপে তাই বিজয়ের তালি বাজানোর স্বপ্ন প্রবলভাবে দেখছে স্কটল্যান্ড। অন্তত একটি ম্যাচে হলেও!
স্কটল্যান্ড দল: প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, কাইল কোয়েটজার, ফ্রেডি কোলম্যান, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জোস ডাভি, অ্যাল্যাসডার ইভান্স, হামিশ গার্ডিনার, মাজিদ হক, মাইকেল লিস্ক, ম্যাট মাচান, ক্যালাম ম্যাকলিয়ড, সাফিয়ান শরিফ, রব টেলর, ইয়াইন ওয়ার্ডল।
বিশ্বকাপ রেকর্ড:
১৯৯৯ : গ্রুপ পর্বে বিদায়
২০০৩ : বাছাইপর্ব পেরোতে ব্যর্থ
২০০৭ : গ্রুপ পর্বে বিদায়
২০১১ : বাছাইপর্ব পেরোতে ব্যর্থ
বিশ্বকাপ-সূচি:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৭ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড | ডানেডিন |
২৩ ফেব্রুয়ারি | ইংল্যান্ড | ক্রাইস্টচার্চ |
২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান | ডানেডিন |
৫ মার্চ | বাংলাদেশ | নেলসন |
১১ মার্চ | শ্রীলঙ্কা | হোবার্ট |
১৪ মার্চ | অস্ট্রেলিয়া | হোবার্ট |
