তামিমের ২০ রানের আক্ষেপ
পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত না পারার হতাশা ফুটল তামিম ইকবালের কণ্ঠে। সেই সঙ্গে আক্ষেপ আর ২০টা রান না করতে পারার। তবে সব মিলিয়ে লড়াই করে হেরে যাওয়া ম্যাচে ইতিবাচক কিছু দিকও পেয়েছেন বাংলাদেশের উদ্বোধনী এই ব্যাটসম্যান।
সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ৩ উইকেটে হারে বাংলাদেশ। মাশরাফিদের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ৪৮.১ ওভারে পৌঁছে যায় পাকিস্তান।
সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ১৬ রানের মধ্যে দুই উইকেট হারালেও মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে বিপদ কাটিয়ে ওঠেন তামিম। দুজনে মিলে ১৬৮ রানের জুটি গড়ে বড় ইনিংসের সম্ভাবনাও জাগান। কিন্তু পরপর ৩ উইকেট হারিয়ে ফের পথ হারায় তারা।
৪০তম ওভারের প্রথম বলে রান আউট হয়ে ফিরে যান মাহুমুদুল্লাহ (৮৩)। ইয়াসির শাহের করা পরের ওভারে পরপর দুই বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তামিম (৮১) ও মুশফিকুর রহিম(০)। সম্ভাবনা থাকা সত্ত্বেও বড় ইনিংস না গড়তে পারার এটা অন্যতম কারণ বলে মনে করেন তামিম।
ম্যাচ শেষে সাংবাদিকদের তামিম বলেন, “এক-দুই ওভারের মধ্যে আমাদের তিনটা উইকেট পড়ছে; আমি, রিয়াদ ভাই ও মুশফিক। ওই জায়গায় আমরা ২০ রান কম করেছি। ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল।”
আড়াইশর নিচে অলআউট হয়ে গেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের আশা জাগায় বাংলাদেশ। ৮ রানেই পাকিস্তানের দুই উইকেট তুলে নেয় তারা। ষষ্ঠদশ ওভারে অভিজ্ঞ ইউনুস খানকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ, তখন পাকিস্তানের রান ছিল ৫২।
পরে নিয়মিত বিরতিতে আরও ৩টি উইকেট নিলেও জয়টা অধরাই থেকে যায় বাংলাদেশের। শোয়েব মাকুসদের অপরাজিত ৯৩ রানে লক্ষ্যে পৌঁছে পাকিস্তান।
ব্যাটিংয়ের পর বোলিংয়েও আশা জাগিয়ে তা ধরে রাখতে না পারাটাকেও হারের অন্যতম কারণ মনে করেন তামিম।
“বোলিংয়ে আমরা শেষের দিকে বাউন্ডারি একটু বেশি দিয়ে ফেলেছি।”
তারপরও বিশ্বকাপ মিশনের শুরুতে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন লড়াই করতে পেরে খুশি তামিম। তার বিশ্বাস, ধারাবাহিকভাবে এমন লড়াই করতে পারলে কিছু ম্যাচের ফল তাদের পক্ষে আসবে। এই ফল দলের অন্যদের আত্ববিশ্বাসী করেছে বলেও জানান তিনি।
আর এভাবে খেলতে পারলে জেতা সম্ভব বলে মনে করেন তামিম।
“বিদেশের মাটিতে এসেও আমরা যদি আমাদের কাজগুলো ঠিকমতো করি, তাহলে ম্যাচ জেতা যে সম্ভব, আজকের এই ম্যাচ তা প্রমাণ করে। হয়তো আজকেরটা আমাদের পক্ষে আসেনি, তারপরও এর মধ্যে অনেক ইতিবাচক দিক আছে।”
আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
