২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতের বিপক্ষে খেলবেন ক্লার্ক

পায়ের পেশির (হ্যামস্ট্রিং) চোট কাটিয়ে উঠলেও প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য প্রস্তুত নন মাইকেল ক্লার্ক। নির্ধারিত সময়ের আগে পুরোপুরি 'ফিট' হওয়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলবেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 05:31 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

আগামী বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আরব আমিরাতের বিপক্ষে ক্লার্কের খেলার সম্ভাবনার কথা জানান ড্যারেন লেম্যান। তবে আগামীকালের (মঙ্গলবার) অনুশীলনে কোনোরকম বিপত্তি না ঘটলেই সেটা সম্ভব বলে মনে করেন অস্ট্রেলিয়ার কোচ।

গত বৃহস্পতিবার অ্যালান বোর্ডার মাঠে বাংলাদেশের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের হয়ে খেলেছিলেন ক্লার্ক। ওই ম্যাচে ব্যাট হাতে ৩৪ রান করেন তিনি। বলও করেছিলেন তিনি; ২ ওভার বল করে ৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। ম্যাচটি ৬ উইকেটে জেতে স্বাগতিকরা।

গত রোববার ভারতের বিপক্ষে ১০৬ রানে জেতা বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে অবশ্য ছিলেন না ক্লার্ক।

গত বছর ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচে চোট পাওয়ার পর আবার ক্রিকেটে ফিরতে পারবেন কি না, তা নিয়ে নিজেই সংশয়ে ছিলেন ক্লার্ক। তবে সব শঙ্কা কাটিয়ে আবারও মাঠে ফিরতে প্রস্তুত ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

নির্বাচকেরাও তাকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করে। তবে আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তাকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সময়সীমা বেধে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।  

মেলবোর্নে আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।