‘ব্র্যাভো ও পোলার্ড না থাকাটা বিরাট ক্ষতি’
ডোয়াইন ব্র্যাভো ও কাইরন পোলার্ডের না থাকাটা দলের জন্য ‘বড় ক্ষতি’ হিসেবে মানছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। আর এই দুজনকে বিশ্বকাপ দলে না নেয়ার নির্বাচকদের সিদ্ধান্তে নিজের অসন্তোষও লুকোনোর চেষ্টা করেননি তিনি।
ব্র্যাভো ও পোলার্ডকে বাদ দেয়ার সিদ্ধান্তটাকে তার নিজের ‘নিয়ন্ত্রণের বাইরে’ ছিল বলে জানান হোল্ডার।
গত বছর ভারত সফরে থাকার সময় বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়ে খেলতে অস্বীকৃতি জানায় ক্যারিবীয় ক্রিকেটাররা। তারপরই হোল্ডারকে মাত্র ২৩ বছর বয়সে অধিনায়ক করে নির্বাচকেরা। ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার কৃতিত্ব গড়েন তিনি।
বিশ্বকাপের দল থেকে ব্র্যাভো ও পোলার্ডকে বাদ দেয়ার সময় প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড বলেছিলেন, তাদের বাদ পড়ার পেছনে আইন ভঙ্গের কোনো কারণ প্রভাব ফেলেনি। আর এখানেই প্রশ্নটা তোলেন হোল্ডার। তার মতে, পারফরম্যান্সের বিচারে এই দুই জনের অবশ্যই দলে থাকা উচিত ছিল।
বিশ্বকাপ পূর্ব সংবাদ সম্মেলনে হোল্ডার এই প্রসঙ্গে বলেন, “তারা দুইজন বিশ্ব ক্রিকেটে ভালো করেছে। …তাদেরকে না পাওয়াটা যেকোনো দলের জন্যই বড় ক্ষতি। কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং আমাদের এটা মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।”
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত হতে যাওয়া এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দুইবারের চ্যাম্পিয়নরা।
