মোশাররফের ঘূর্ণিতে বিধ্বস্ত চট্টগ্রাম
মোশাররফ হোসেনের চমৎকার বোলিংয়ে প্রথম দিনই অলআউট হয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। জবাবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার ও আব্দুল মজিদের দৃঢ়তায় বড় সংগ্রহের পথেই রয়েছে ঢাকা বিভাগ।
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ঢাকার সংগ্রহ ১১২ রান। রনি ৬২ ও মজিদ ৪৯ রানে ব্যাট করছেন। লিগে এই দুই জনের এটি তৃতীয় শতরানের জুটি।
রনির ৮০ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও ২টি ছক্কায়। মজিদের ১১২ বলের সাবধানী ইনিংসটিতে রয়েছে ৮টি চার।
রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।
শূন্য রানে মাহবুবুল করিমকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। ব্যাটসম্যানদের ব্যর্থতাই সেই চাপ থেকে আর বেরুতে পারেনি তারা।
সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক নাজিমউদ্দিন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন নাঈম ইসলাম জুনিয়র।
মাত্র ৩৭ রানে ৫ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার মোশাররফ। শুভাগত হোম চৌধুরী ২ উইকেট নেন ২৭ রানে।
